নারীর নিজের কোনো ঠিকানা নেই উল্লেখ করে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, ‘পারিবারিক সম্পত্তিতে নারীর সমানাধিকার প্রয়োজন। এটি না থাকায় সমাজে নিজের অবস্থান সুদৃঢ় করার সুযোগ পাচ্ছে না নারীরা।’
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ‘উত্তরাধিকারসহ পারিবারিক সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকার চাই’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রোকেয়া কবীর আরও বলেন, ‘নারীর প্রতি বৈষম্য ও সহিংসতার মূল কারণ নারীর পায়ের নিচে মাটি না থাকা। কাজেই এই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ হবে নারীর অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করা, তথা উত্তরাধিকারসহ সকল সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করা। আর এসব করতে পারলে পরিবার, সমাজ ও রাজনীতিতে নারীর অবস্থান সুদৃঢ় হবে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপিএস উপ-পরিচালক শাহনাজ সুমী, বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি মাখদুমা নার্গিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অর্পিতা দাস, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট রঞ্জন কর্মকার, এডাব কর্মকর্তা সমাপিকা হালদার প্রমুখ।
