ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন 

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫:৩৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার  মাইলমারি গ্রামের  শরিফুল ইসলাম ও  মাসুদ সর্দার হত্যা মামলায়  চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।  যাবজ্জীবন সাজা হওয়া আসামিরা হলেন- আলতাব মেম্বার, আমিরুল ইসলাম ওরফে ফটক, লিয়াকত আলি ও ফারুক ওরফে বাদল। এদের মধ্যে বাদল পলাতক আছেন।

মামলার বিবরণে জানা যায়,  অস্ত্র মামলায় শরিফুল ইসলামের ১৭ বছর সাজা হয়। সাজা খেটে বাড়ি ফিরে তিনি স্বাভাবিক জীবন যাপন করছিলেন। ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি শরিফুল ইসলামকে নিয়ে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাখপুর বাজারে যান মাইলমারি গ্রামের দুলাল হুদা। এ সময় তাদের সঙ্গে যান মাসুদ সর্দার। পরের দিন সকালে রামচন্দ্রপুর খালের মধ্যে শফিকুল ও মাসুদের লাশ পাওয়া যায়।  এ ঘটনায় শরিফুলের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন। 

 

ইত্তেফাক/ইউবি