‘একজনকে অসম্মান করে কেউই বড় হতে পারেন না’

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৮:০৮

ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। গত ৭ মার্চ রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় জিডি করেন তিনি। সেই বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় জুটি শাবনাজ-নাঈম।

নাঈম-শাবনাজ ফেইসবুক পেইজে অরুণা বিশ্বাসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘একজন শিল্পীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা মানেই হলো পুরো শিল্পী পরিবারকে আক্রমণ করা। আমাদের সবার প্রিয় শিল্পী অরুণা বিশ্বাস দিদিকে একজন পরিচালকের ব্যক্তিগত আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই। শিল্পী এবং পরিচালক একই পরিবারের। একজনকে ছোট করে, অসম্মান করে কেউই আলাদাভাবে বড় হতে পারেন না। তাই আসুন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগামীর পথে আমরা এগিয়ে চলি।’

‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। প্রথম সিনেমা মুক্তির পর দারুণ সাড়া ফেলেন দুজন! তাদের অধিকাংশ চলচ্চিত্র ব্যবসাসফল। আবার বাস্তব জীবনেও তারা সফল জুটি। চলচ্চিত্রে নিয়মিত কাজ না করলেও চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এই জুটি।