বাংলাদেশে ২ কোটি কিডনি রোগীর মধ্যে ৭০ ভাগই জানে না যে তারা কিডনি রোগে আক্রান্ত। তাই নিয়মিত কিডনি পরীক্ষা করা জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলেছেন, কিডনির মাধ্যমে শরীরের ভারসাম্য রক্ষা পায়। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে কিডনি সুস্হ রাখা সম্ভব।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে ‘সুস্হ কিডনি সবার জন্য জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’ প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং সি ব্লকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভারসাম্যপূর্ণ সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, চিকিত্সকের পরামর্শ গ্রহণ ইত্যাদির মাধ্যমে কিডনি সুস্হ রাখা সম্ভব। তিনি বলেন, ‘কিডনির সমস্যাকে গুরুত্ব দিয়ে এবং দেশের মানুষকে ভালোবাসেন বলেই দেশের বিভাগ ও জেলা পর্যায়ে এই রোগের রোগীদের উন্নত চিকিত্সার ব্যবস্হা করেছেন। তবে আমরা যাতে কিডনি রোগে আক্রান্ত না হই, সে জন্যই সবাইকে সচেতন হতে হবে।’ তিনি আরো বলেন, বড়রা যেমন কিডনি রোগে আক্রান্ত হন, তেমনি শিশুরাও কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হয়ে মোকাবিলা করতে হবে।
রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. কে বি এম হাদিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও অত্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ।
বিআরবি হাসপাতালে ৫০০ টাকায় কিডনি পরীক্ষা :বাংলাদেশে ২ কোটি কিডনি রোগীর মধ্যে ৭০ ভাগই জানে না যে তারা কিডনি রোগে আক্রান্ত। তাই নিয়মিত কিডনি পরীক্ষা করা জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দিবস উপলক্ষ্যে বিআরবি হাসপাতালে ৫০০ টাকায় কিডনি পরীক্ষার সঙ্গে ফ্রি ডাক্তার দেখানোর সুযোগ থাকছে এবং একই সঙ্গে রয়েছে শিশুদের কিডনি পরীক্ষার সুব্যবস্হা। গতকাল বৃহস্পতিবার ‘কিডনি সেবা সপ্তাহ-২০২২’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিআরবি গ্রুপের পরিচালক মো. মফিজুর রহমান। বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে রাজধানীর পাম্হপথে বিআরবি হাসপাতালের আয়োজনে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বনামধন্য শিক্ষাবিদ, সাহিত্যিক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) :যথাযথ ও গুরুত্বের সঙ্গে বিশ্ব কিডনি দিবস উদ্যাপন করেছে কিডনিবিষয়ক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্হা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী নানাবিধ কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বল্পমূল্যে কিডনি স্ক্রিনিং কর্মসূচি, পরবর্তী সময়ে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশেষ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যাম্পসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, সারা বিশ্বে ৮৫ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। কিডনি বিকল মৃতু্যর কারণ হিসেবে দুই যুগ আগে ২৭তম স্হানে ছিল, যা বর্তমানে দাঁড়িয়েছে সপ্তম স্হানে এবং ২০৪০ সালে দখল করবে পঞ্চম স্হান। দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে কিডনি রোগের হার। নিয়ম মেনে চললে ৫০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ সম্ভব। ক্যাম্পস ইতিমধ্যে ঢাকার পাশাপাশি মাদারীপুর, চাঁদপুর, টাঙ্গাইল ও সখীপুর জেলা শহরে কিডনি সেবা কেন্দ্র ও ডায়ালাইসিস কেন্দ্র স্হাপন করেছে। এসব কেন্দ্রের পক্ষ থেকেও নিজ নিজ জেলা শহরে বিশ্ব কিডনি দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়।
