ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের তিন নম্বর পজিশনটা সাকিব আল হাসানের জন্য একরকম বরাদ্দ। ২০১৯ সালের বিশ্বকাপে এই পজিশনে ব্যাট করে অতিমানবীয় সব ইনিংস খেলেছিলেন। কিন্তু আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি নেই। তার জায়গায় কে খেলবেন, এখন সেটাই বড় প্রশ্ন।
আজ শুক্রবার (১১ মার্চ) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ দলের একাংশ। যাওয়ার আগে বিমানবন্দরে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়ে গেলেন কে খেলতে পারেন সাকিবের তিন নম্বর পজিশনে।
টেস্টে তিন নম্বরে পজিশনে খেলেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে দলেও তাকে রাখা হয়েছে। তবে সাকিব থাকলে তিনি একাদশে সুযোগ পান না। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার খেলার সম্ভাবনা আছে। আবারও এই পজিশনে খেলতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা মাহমুদুল হাসান জয়। ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে তিন ও চারে খেলেই সফলতা পেয়েছেন এই তরুণ। তবে টেস্টে ওপেনিংয়ে নিজের জায়গা অনেকটাই পাকাপোক্ত করে নিয়েছেন জয়।
হাবিবুল বাশার সুমন বলেন, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি। তিন নম্বর পজিশনে সাধারণত নাজমুল শান্ত খেলে। আবার আমাদের জয়ও আছে। দেখা যাক কে খেলে।’
সাকিবকে ছাড়া দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনে দল কেমন খেলবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করবো, সে আমাদের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের সেরা পারফর্মার। তবে এখন এটা নিয়ে ভাবছি না। আমাদের যে দলটা আছে সেটা নিয়েই ভাবছি এবং বিশ্বাস করি, এই দল নিয়ে ভালো পারফর্ম করতে পারবো।’
