কুড়িগ্রামে যুবক নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১০

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৬:৪০

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা আবাসন প্রকল্পে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে বকুল মিয়া (৩৫) নামে এক যুবক নিহতের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন বকুলের বড় ভাই।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের নওয়াবস আবাসন প্রকল্প গুচ্ছ গ্রামের বাসিন্দা মোরশেদুল হক (৪২), মোরশেদুল হকের ছেলে জাহিদ হাসান (২০), মোরশেদুল হকের স্ত্রী আফরোজা বেগম (৩৭)। এছাড়া জেলা সদরের সওদাগর পাড়া গ্রামের রওশন ইসলাম (২৫), রাশিদুল ইসলাম (৪৪), মনিরুল ইসলাম ওরফে ময়নুল (২৬), রানা ইসলাম (২৬), হানিফ আহমেদ (৫৩), মদিনা বেগম (৬৫) ও রোজী বেগম (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ধরলা  আবাসন প্রকল্পের বসবাসকারী দুই পরিবারের ছেলে-মেয়ের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় আব্দুর সাত্তারের ছেলে বকুল মিয়া সংঘর্ষ থামাতে গেলে এক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/ইউবি