বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামের একটি বাড়ি থেকে দুইটি হরিণের চামড়া জব্দ করেছে বনরক্ষীরা। শুক্রবার (১১ মার্চ) বিকেলে এ জব্দ করেন তারা। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট ষ্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সোনাতলা গ্রামের সুমন মুন্সির বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে সুমনের বসত ঘরের পাটাতনের ওপর থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে সুমন পালিয়ে যান। উদ্ধার হরিণের চামড়া শরণখোলা স্টেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে একটি বিভাগীয় বন মামলা রেকর্ড করা হবে বলে ঐ স্টেশন কর্মকর্তা জানিয়েছেন।
