সাভারে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৮:৫৫

সাভারে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে হৃদয় (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১১ মার্চ) সকালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হৃদয় মানিকগঞ্জের দৌলতপুর এলাকার মনির হোসেনের ছেলে। 

কিশোরীর পরিবার ও পুলিশ জানায়, ওই কিশোরীর সাথে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হৃদয়। এরপর গত ৫ মার্চ সে ওই কিশোরীকে অপহরণ করে মানিকগঞ্জ এর দৌলতপুর এলাকায় নিয়ে আটকে রাখে। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছে জানতে পেরে কিশোরীর পরিবার সাভার মডেল থানায় অপহরণ ও ধর্ষণের ঘটনা জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারী হৃদয়কে গ্রেফতার করা হয়। 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শাহরিয়ার বলেন, গ্রেফতারকৃত হৃদয়কে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অপহরণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম