স্কুলের বনভোজনে গিয়ে ফিরলো লাশ হয়ে

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:১৯

স্কুলের বনভোজনে গিয়ে অনেকের সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে নামাই কাল হলো সূর্য ঘোষের (১৩)। গোসল শেষে সবাই তীরে উঠলেও তলিয়ে যায় সে। শেষ পর্যন্ত পরদিন নদীতে ভেসে ওঠে তার মরদেহ। 

শুক্রবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়ার চরে বিষখালী নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন জেলেরা। 

জামাল হোসেন ও আলতাফ হোসেন নামে দুই জেলে বলেন, ভোরে জাল টানতে ছিলাম। আকাশ পরিষ্কার হওয়ার পর জালের কাছাকাছি দেখা যায়, মানুষের মতো ভাসছে। জাল টানা বন্ধ করে কাছে গিয়ে দেখি একটি শিশুর মরদেহ। পরে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসি। এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে বরগুনা সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে  বনভোজনে ৬৫ সদস্যের একটি দল লঞ্চে করে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন লালদিয়ার একটি চরে যায়। দুপুরের দিকে অনেকেই চরের পাশে নদীতে গোসল করতে নামে। এরপর সবাই গোসল করে ফিরলেও সূর্য ঘোষ নিখোঁজ হয়। সূর্য বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং বরগুনা সদরে ৯ নম্বর ওয়ার্ড কলেজ সড়ক এলাকার পিযুষ ঘোষের ছেলে। 

পাথরঘাটা থানার (ওসি তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। জেলেদের জালে লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কোস্টগার্ড রয়েছে। পুলিশ স্থানীয়দের বক্তব্য এবং মৃতদেহের সুরতহাল করছে। এরপরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমএএম