কৃষকের কান কেটে নিলো সন্ত্রাসীরা

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:২৮

তালতলীতে জমি নিয়ে বিরোধে আবু কালাম চৌকিদার নামে এক কৃষকের কান কেটে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তার স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। 

শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে তালতলী উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

জানা যায়, প্রতিদিনের মতো সকালে কৃষক আবু কালাম তার বোরো ক্ষেতে পরিচর্যা ও কীটনাশক দিতে যান। এ সময় জমি সংক্রান্ত শত্রুতার জেরে ৭-৮ জন সন্ত্রাসী আবু কালামকে পেছন থেকে হামলা করে বেধড়ক মারধর করে তার কান কেটে নেন। এসময় তার দুটো দাঁত ভেঙে যায়। ঘটনা দেখে তার স্ত্রী শাহানা বেগম বাধা দিতে গেলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আবু কালাম ও তার স্ত্রীকে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

আবু কালামের ছেলে আরিফ বলেন, প্রতিবেশী রাসেলের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে ঝামেলা আছে। এরই জেরে বাবাকে মারধর করে ও কান কেটে নিয়েছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসঙ্গে আমার মাকেও পিটিয়ে আহত করা হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত রাসেলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম