ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ২০১৪ সালে জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়ে গত সাত বছরে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন থানায় দালালি, জমি দখল, সরকারি অফিসে অনিয়ম বন্ধ করেছি। শুক্রবার (১১ মার্চ) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই তিন থানায় ব্যাপক উন্নয়ন করেছি। জনগণ আজ উন্নয়নের পক্ষে, তাই আগামীতে জনগণ অবশ্যই উন্নয়নের সঙ্গে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করবেন। বিগত দিনগুলোতে কাজী জাফরউল্লাহর ছত্রছায়ায় তার অনুসারীরা যেভাবে থানায় দালালি, জমি দখল ও সরকারি অফিস নিজের অফিস বানিয়ে অনিয়ম-দুর্নীতির আখড়া তৈরি করেছিলেন তার ফল কাজী জাফরউল্লাহ পেয়েছেন। জনগণ উন্নয়ন ও মূল্যায়নে বিশ্বাসী। এই জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে আবারও ফরিদপুর-৪ আসনের এমপি নির্বাচিত হবো ইনশাল্লাহ।
মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, জনগণ পানামা কেলেঙ্কারির সঙ্গে জড়িত নেতাদের পুনরায় ফরিদপুর-৪ আসনের এমপি হিসাবে দেখতে চায় না। করোনার দুই বছরে কাজী জাফরউল্লাহ একদিনের জন্য জনগণের পাশে দাঁড়ায়নি। অথচ করোনার দুইবছর প্রতিটা মুহূর্তে আমার সাধ্যমতো সামর্থ্য নিয়ে সবসময় জনগণের পাশে ছিলাম।
এর আগে সলিলদিয়া হতে লোহার দিয়া গ্রামের মধ্যবর্তী খালের ব্রিজের কাজের উদ্বোধন করেন এমপি নিক্সন চৌধুরী। এ সময় তিনি বলেন, আমি জনগণের উন্নয়ন ও মূল্যায়নে কাজ করে যাচ্ছি। আমার সঙ্গে যারা থাকবেন তারা অবশ্যই জনগণকে ভালোবাসবেন। মাদকসেবী দুর্নীতিবাজ কোনো নেতা-কর্মী আমার সহযোদ্ধা হতে পারবেন না। ইতোমধ্যে এসব অপরাধের সঙ্গে জড়িত কয়েকজন নেতাকর্মীকে আমি আমার কাছ থেকে বিতাড়িত করেছি। বিতাড়িত হয়ে তারা কাজী জাফরউল্লাহ সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আমার কথা হল অপরাধের দায়ে যাদেরকে আমি বিতাড়িত করলাম সেই অপরাধীরাই কাজী জাফর উল্লাহ সহযোদ্ধা। বিচারের ভার জনগণের ওপর রইল।
চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। তিনি বলেন, বিগত ৫০ বছরের ফরিদপুর-৪ আসনে যে উন্নয়ন হয়নি তা সাংসদ নিক্সন চৌধুরী সাত বছরেই করে দেখিয়েছেন। আগামী নির্বাচনে অবশ্যই নিক্সন চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
পথসভায় আরও উপস্থিত ছিলেন-আজিমনগর ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া পুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবলি দেওয়ান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানুষ বসু প্রমুখ।
