ভারতকে 'অপ্রীতিকর পরিণতির' হুঁশিয়ারি পাকিস্তানের 

আপডেট : ১১ মার্চ ২০২২, ২২:০৬

প্রতিবেশী ভারতকে 'অপ্রীতিকর পরিণতির' হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমা ভারতীয় সুপার-সনিক উড়ন্ত বস্তুতে লঙ্ঘন হয়েছে বলে দেশটি শুক্রবার (১১ মার্চ) এই সতর্ক বার্তা দিয়েছে। 

শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তান বলেছে, ভারতকে এই ধরনের গাফিলতির অপ্রীতিকর পরিণতি সম্পর্কে সচেতন হতে। একইসঙ্গে ভবিষ্যতে এই ধরনের লঙ্ঘনের পুনরাবৃত্তি এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।   

পাকিস্তানের কর্মকর্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান বলে প্রতিবেদনে বলা হয়েছে। একইসঙ্গে ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। এই ঘটনাকে বিনা উসকানিতে আকাশসীমা লঙ্ঘন বলছে দেশটি।

এদিকে, এই ঘটনার পর বৃহস্পতিবার (১০ মার্চ) ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে ভুলবশত ভারতের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভুখণ্ডে পড়েছে। 

এই ঘটনাকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় 'প্রযুক্তিগত ত্রুটি' বলে দায়ী করেছে এবং একে 'গভীরভাবে দুঃখজনক' হিসেবে উল্লেখ করেছে। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, '২০২২ সালের ৯ মার্চ নিয়মিত রুটিনের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাবশত মিসাইল ছোড়া হয়। ভারত সরকার একে গুরুত্ব সহকারে নিয়েছে এবং একটি উচ্চ পর্যায়ের কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, জানা গেছে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়েছে। এ ঘটনা দুঃখজনক হলেও স্বস্তির বিষয় এতে কোনো প্রাণহানি হয়নি। এনডিটিভি, ইন্ডিপেন্ডেন্ট

ইত্তেফাক/এসআর