কলাপাড়ায় বাস চাপায় সাংবাদিক নিহত

আপডেট : ১১ মার্চ ২০২২, ২৩:৪৫

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় হাসান পারভেজ (৫৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাখিমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ হুমায়ূন।

নিহত হাসান পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামের হাজী জয়নুল হক শিকদারের ছেলে। তিনি প্রেসক্লাবের সদস্য এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন হাসান। এসময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দেয়। এসময় তাকে বাসের চাকায় থেতলে অন্তত ২০-৩০ গজ সামনে নিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ হুমায়ূন বলেন, যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৬৭০৯) বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

ইত্তেফাক/এএইচপি