আখাউড়া স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৯:২৭

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আজ শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। তবে স্থলবন্দর বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শনিবার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টের প্রধান উপদেষ্টা, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন। সম্মেলনে তার পক্ষে স্থলবন্দরের সব ব্যবসায়ী ও শ্রমিকরা অংশ নেবেন। সেজন্য বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, বন্ধের বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামীকাল রবিবার থেকে পুনরায় সব কার্যক্রম চালু হবে। তবে স্থলবন্দর বন্ধ থাকাকালে দুই দেশের পার্সপোটধারীদের চলাচল স্বাভাবিক থাকবে।

ইত্তেফাক/এমআর