শরণখোলায় নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৩:৩০

শরণখোলায় ভোজ্য তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। 

কদমতলা গ্রামের দিনমজুর মোতালেব হোসেন, মধ্য খোন্তাকাটা গ্রামের মোস্তফা মুন্সি, খুড়িয়াখালী গ্রামের রুস্তম বয়াতী বলেন, যেভাবে তেল পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে চলেছে তাতে আগামীতে আমাদের না খেয়ে থাকার উপক্রম হয়েছে। আমাদের আয়ের তুলনায় দ্রব্যের মূল্য তিন-চার গুণ বেশি। 

বর্তমানে খোলা সয়াবিন তেল ১৮০-১৯০ টাকা, পেঁয়াজ ৫০-৬০ টাকা কেজি, গ্যাস সিলিন্ডার ১ হাজার ৪০০ টাকাসহ প্রতিটি নিত্যপণ্য অস্বাভাবিক দরে বিক্রি হচ্ছে। বেড়েছে চালের দামও। 

এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, বাজার দর স্বাভাবিক রাখা ও অসাধু ব্যবসায়ীদের রুখতে শিগ্গিরই উপজেলার বাজারসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া নিত্যপণ্যের অবৈধ মজুতদারীর খবর প্রশাসনকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

ইত্তেফাক/ ইআ