জাভির অধীনে গত তিন মাস ধরে দেখা যাচ্ছে অন্য এক বার্সেলোনাকে। পালাবদলের মধ্য দিয়ে যাওয়া ক্লাবটি ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার আগের রূপ। কিন্তু ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে হতাশ করে বার্সা। গালাতাসারের বিপক্ষে গোলশূন্য ড্র হয় ম্যাচ। গোল না পাওয়াটাই বড্ড হতাশ করেছে কোচ জাভিকে। কারণ, চলতি বছর এই প্রথম বার প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি তার দল।
ফেরান তোরেস, পিয়ের এমেরিক অবামেয়াং, আদামা ত্রাওরে, ওসমান ডেম্বলে, মেমফিস ডিপাই কোনো ফরোয়ার্ডই গোলের তালা ভাঙতে পারেনি। তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান গালাতাসারে গোলরক্ষক ইনাকি পেনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এমন পারফরম্যান্সের ফল সম্পর্কে বার্সা কোচ বলেন, ‘ভালো ফল নয় এটি। দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা ভালো ছিলাম, কিন্তু একাগ্রতা নিচের দিকে থাকলে, সবকিছুই নিচের দিকে যায়।’
বার্সা সবশেষ কোনো ম্যাচে গোলহীন ছিল গত ৮ ডিসেম্বর। সেদিন চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোল হেরেছিল স্প্যানিশ ক্লাবটি। এরপর টানা ১৬ ম্যাচে গোলের ধারা অব্যাহত রাখে তারা।
