আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী বিশনন্দী ফেরিঘাট মাদক ও বিভিন্ন পণ্যের চোরাচালানের নিরাপদ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। এ ফেরিঘাট দিয়ে যানবাহনে করে সড়ক পথে এবং ট্রলার কিংবা স্পিডবোটযোগে মেঘনা নদী পাড়ি দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে মাদক ও ভারতীয় অবৈধ মালামাল পাচার হচ্ছে।
পুলিশ ও র্যাব মাঝেমধ্যে অভিযান চালিয়ে মালামাল জব্দ ও মালামালের সঙ্গে থাকা গাড়িচালক ও সহযোগীদের গ্রেফতার করলেও হোতারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। তবে পুলিশ বলছে হোতাদের গ্রেফতারে চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর আরো কঠোর পদক্ষেপ প্রত্যাশা করে স্থানীয়রা বিশনন্দী ফেরিঘাটে একটি স্হায়ী পুলিশ ক্যাম্প দাবি করছে।
জানা গেছে, গত ২ মার্চ রাতে বিশনন্দী ফেরিঘাটে বিআরটিসি যাত্রী ছাউনি এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে র্যাব-১১ প্রায় ১২ লাখ টাকার কাভার্ড ভ্যানসহ ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় এলোভেরা জেল, বিস্কুট, ও টুথপেস্ট জব্দসহ কাভার্ড ভ্যানের চালক শামীম ও শহীদ নামে দুই জনকে গ্রেফতার করে। গত ২৮ ফেব্রুয়ারি একই এলাকায় ঢাকা অভিমুখী প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১-এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। একই দিন থানাপুলিশ ৯০ বোতল ফেনসিডিল জব্দ করে। এর আগের দিন গত ২৭ ফেব্রুয়ারি থানাপুলিশ ৪৬ ক্যান বিয়ার উদ্ধার করে।
ফেরিঘাটের বিভিন্ন কাজে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি মাসে কয়েক কোটি টাকার মাদক ও চোরাই পণ্য পাচার হয়ে থাকে। চালক, সহযোগী কিংবা সাধারণ বিক্রেতাদের গ্রেফতার করলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মূল পাচারকারী বা হোতাদের গ্রেফতার করতে পারেনি। যার জন্য ঐ সব প্রভাবশালী চোরাকারবারিরা নির্বিঘ্নে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্হানীয় বাসিন্দা জহিরুল বলেন, দীর্ঘ সময় ধরে মাদক ও চোরাই পণ্যের পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহূত হচ্ছে বিশনন্দী ফেরিঘাট। এখানে হাত বাড়ালেই মিলছে মরণনেশা মাদক ও চোরাই পণ্য। তিনি আক্ষেপ করে বলেন—পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাঝেমধ্যে অভিযান চালালেও ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মাদক পাচারের হোতারা। এজন্য তিনি ফেরিঘাটে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, মাদক ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়ে থাকে।
