ভারতের কলকাতায় একটি গেস্ট হাউসে আগুনে দগ্ধ হয়ে সামিমাতুল আরস (৬০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেহতাব আলম নামের আরেক বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার (১২ মার্চ) ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে এ ঘটনা ঘটে।
মৃত সামিমাতুল আরস চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। তিনি ২দিন আগে কলকাতায় এসেছিলেন।
কলকাতা পুলিশের পক্ষ থেকে ইত্তেফাককে জানানো হয়, ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের ওই গেস্ট হাউসের দোতলার রিসেপশনে আগুন লাগে। পরে দ্রুত ছড়িয়ে যায় আশেপাশে। এ সময় আগুনে পুড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
জানা গেছে, আগুনে অন্তত ১০ থেকে ১২টি ঘর পুড়ে গেছে। কলকাতায় চিকিৎসা করাতে আসা ২৮ জন বাংলাদেশি নাগরিক গেস্ট হাউসে ছিলেন। তাদের সবাইকে সরিয়ে আনা হয়। তবে এ ঘটনায় সামিমাতুল আরস নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আগুন লাগার পর এই বৃদ্ধাকে বের করা সম্ভব হয়নি। পরে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়। তার লাশ কলকাতার এসএসকেএম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
