সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের 

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৫:১৪

কুষ্টিয়ায় গড়াই নদীর রেল সেতুতে উঠে সেলফি তোলার সময় ছামি হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে মারা গেছে। শুক্রবার (১১ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর খুলনার ডুবুরি দল রাত সাড়ে ১০ টায় ওই স্কুলছাত্রের লাশ নদী থেকে উদ্ধার করেছে। কুমারখালী থানার ওসি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকাল ৫ টার দিকে ছামিসহ চার বন্ধু রেল সেতুতে উঠে স্মার্টফোনে সেলফি তুলছিলো। এসময় একটি ট্রেন ওই সেতু অতিক্রম করছিল। ট্রেন সেতুর ওপর ট্রেন দেখে তিন বন্ধু বাধন হোসেন (১৪), আব্দুর রাজ্জাক (১৫) ও তুহিন হোসেন (১৪)সেতুর পাশে দাঁড়িয়ে নিজেদের রক্ষা করতে সক্ষম হলেও তাদের অন্য বন্ধু ছামি ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে তলিয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা যাবত ছামিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে রাত সাড়ে ১০ টার দিকে ছামির লাশ উদ্ধার করে। সে কুমারখালী উপজেলার এলঙ্গীপাড়ার হারুন হোসেনের ছেলে।  

উল্লেখ্য, গড়াই নদী তীরে বৈকালিক ভ্রমণে এসে অনেকেই খেলায়-খুশিমতো অবাধে রেল ব্রিজে উঠে ঘোরাঘুরি করেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি।    

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুল হালিম জানান, চার বন্ধু রেলওয়ে সেতুতে ওঠে সেলফি তুলতে গিয়েছিল। এ সময় ট্রেন চলে আসলে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। 

ওসি কামরুজ্জামান জানান, পুলিশ ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের ৪/৫ ঘণ্টা চেষ্টায় লাশ উদ্ধার করা হয়। পরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এআই