রংপুর নগরীতে আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ মার্চ) রাত ৯টার দিকে নগরীর বাহারকাছনা জুম্মাটারী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, জুম্মাটারী এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (২৩), নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮), আমাশু কুকরুল এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১), একই এলাকার আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম (১৯) ও পশ্চিম জুম্মাপাড়া এলাকার মৃত মমিন হোসেনের ছেলে নয়ন হোসেন (২১)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৯টায় দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। এ সময় ইয়াসিন ও আরিফুলসহ তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আশরাফুল ও সিয়ামকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় সিয়াম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
