মেলান্দহে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’: অভিযুক্ত গ্রেফতার 

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৬:৩২

জামালপুরের মেলান্দহে দশম শ্রেণির ছাত্রীর ‘আত্মহত্যা’র ঘটনায় অভিযুক্ত তামিম আহাম্মেদ স্বপন (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। শনিবার (১২ মার্চ) দুপুরে শহরের বেলটিয়ায় র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১১ মার্চ) মেলান্দহের এমএ গফুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ওই ছাত্রী যৌনহয়রানির পর অপমান সইতে না পেরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর অভিযুক্ত যুবক তামিম আহমেদ স্বপন পালিয়ে যায়।    

নিহতের পরদিন নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর আসামিকে গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব-১৪। শুক্রবার গভীর রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের চরশশা এলাকা থেকে অভিযুক্ত আসামি তামিমকে গ্রেফতার করে র‌্যাব।   
 
উল্লেখ্য, মামলার এজাহারে বলা হয়েছে, নিহত ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে বিরক্ত করতো অভিযুক্ত তামিম আহম্মেদ স্বপন। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে স্কুলে যাওয়ার পথে সাধুপুর কান্দাপাড়ার একটি বাড়িতে দিনভর আটকে রেখে ওই ছাত্রীকে যৌন নির্যাতন করো তামিম। এরপর বিকেলে ওই ছাত্রী বাড়ি ফিরে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা জানালা দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

তার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার পর  ওই ছাত্রীর ঘরে দুটি চিরকুট পাওয়া যায়। চিররকুটে লেখা ছিল, ‘তামিম আমাকে সারাদিন এক রুমে আটকে রাখছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করতো ও আমাকে বলেছে ওর সাথে দেখা করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সাথে খুব খারাপ কিছু করেছে, যা বলার মতো না।’ 

ইত্তেফাক/এআই