কক্সবাজারে ৫২ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ ও কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) দিনগত রাতের পৃথক সময়ে কক্সবাজার পৌরসভার কলাতলী ও লাইট হাউসপাড়ায় অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করা হয়।
কক্সবাজারে বসতবাড়ির পিছনে মাটির নিচ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় একজনকে আটক করা হয়েছে। শনিবার (১২ মার্চ) মধ্যরাত ১টার দিকে কক্সবাজারের সদর উপজেলার কলাতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, দক্ষিণ কলাতলী এলাকার মৃত আব্দুল মবিনের ছেলে মৌলভী আব্দুল্লাহ (৫২)।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানিয়েছেন, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কলাতলীর মৌলভী আবদুল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। তার দেখানো মতে বাড়ির পিছনে মাটিতে বিশেষ কায়দায় পুতে রাখা ৫০ কেজির একটি গাঁজার বস্তা উদ্ধার করে র্যাব-১৫ এর অভিযানিক দল।
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইটহাউজ এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক তরুণকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক শাহীন মিয়া (২২) কুমিল্লা জেলার বুডিচং থানাধীন খাডেরা গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।
জেলা ডিবির ওসি সাইফুল আলম বলেন, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম শহরের লাইট হাউজ পাড়ায় অভিযান চালিয়ে কুমিল্লার শাহীন মিয়াকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে প্রায় পৌনে দুই কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত শাহীন ইতিপূর্বেও মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাবাস করে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে মর্মে স্বীকার করেছে।
এ ঘটনায় জেলা ডিবির এসআই জাহিদুল ইসলাম আরমান বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
