উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার

সাভার থেকে মুফতি হান্নানের ভাই গ্রেফতার

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৯:০৭

সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর অন্যতম সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় তার কাছ থেকে উগ্রবাদী কার্যক্রমে ব্যবহৃত মোবাইল, উগ্রবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১২ মার্চ) দুপুরে র‌্যাব-৪ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার সাভার থানাধীন রাজাসন মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪।

গ্রেফতারকৃত মুন্সি ইকবাল আহমেদ (৬২) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হিরোন গ্রামের মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে। সে গোপালগঞ্জ জেলার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করে। পরবর্তীতে ঢাকার সাভারে এসে বসবাস শুরু করেন। মুন্সি ইকবাল আহমেদ পরিবারের ১০ ভাই-বোনের মধ্যে তৃতীয় এবং আলোচিত জঙ্গি সংগঠন হুজি বি এর প্রধান মুফতি হান্নানের ভাই। মুফতি হান্নান ২০০৪ সালের তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলার প্রধান আসামী যার পরবর্তীতে ফাঁসি কার্যকর হয়। তার আরও ২ ভাই মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত বলে জানিয়েছে র‌্যাব। 

র‌্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুন্সি ইকবাল আহমেদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের নেতা বলে জানা যায়। পরবর্তীতে ২০০৪ সালের ২১শে মে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর সিলেটে হযরত শাহজালালের মাজারে গ্রেনেড হামলার ঘটনার পর তাদের উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কারণে আনসার আল ইসলামের সাথে কাজ শুরু করে। বর্তমানে সে ‘‘আনসার আল ইসলামের’’ অন্যতম ‘‘সংগঠক’’ বলে স্বীকারোক্তি প্রদান করেছে। মুন্সি ইকবাল আহমেদ আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নাশকতার পরিকল্পনা করতে শুক্রবার রাতে সংগঠনের ৫-৬ জন সদস্য নিয়ে বৈঠকে মিলিত হয়েছিল বলে জানায়। জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে “আনসার আল ইসলাম” এর সংগঠক হিসেবে অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করে আসছিলো। তার মোবাইল হতে বিভিন্ন উগ্রবাদী কথোপকথনের ও প্রচার প্রচারণার প্রমাণাদি জব্দ করা হয়েছে।  

র‌্যাব-৪ এর পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের রাজাশন এলাকার মুন্সি ইকবাল আহমেদের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সে মুফতি হান্নানের ভাই। বেশ কয়েক বছর যাবত নিষিদ্ধ ঘোষিত ‘‘আনসার আল ইসলাম’’ এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে এবং দেশের বাহিরে (আফগানিস্তান) পলাতক থেকে প্রশিক্ষণসহ নতুন নতুন কৌশল রপ্ত করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতা সংশ্লিষ্ট চারটি মামলা রয়েছে।
এঘটনায় গ্রেফতারকৃত মুন্সি ইকবাল আহমেদসহ চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অন্যান্যদের গ্রেফতারে র‌্যাব এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

ইত্তেফাক/এমএএম