গোয়ালন্দে পানিতে ডুবে ২ যমজ বোনের মৃত্যু

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৯:৪২

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে টাপুর ও টুপর নামে ১০ বছর বয়সী দুই যমজ বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। 

শিশু টাপুর ও টুপুর গোয়ালন্দ পৌরসভা ১নং ওয়ার্ডের মাল্লাপট্টি ইছাক শেখের পাড়ার হোসেন শেখের মেয়ে। ওরা যমজ ২ বোন গোয়ালন্দ মুন স্টার কলেজিয়েট স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশুর নানী আন্না বেগম বলেন, ‘ওরা যমজ দুই বোন গোয়ালন্দ মুন স্টার কলেজিয়েট স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। ওদের বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর দুজনেই নতুন করে বিয়ে করে অন্যত্র বসবাস করছে। সেই কারণে ওরা ২ বোন আমার কাছেই থাকে। আমি উপজেলা রেজিস্ট্রি অফিসে কাজ করার সুবাদে প্রতিদিনই তারা উপজেলা পরিষদের পুকুরের আশেপাশে খেলাধুলা করতো। প্রতিদিনের ন্যায় আজকেও ওখানে খেলাধুলা করছিলো। দুপুরে দুই বোন পুকুরে গোসলের আবদার করে আমার কাছে। কিন্তু আমি  পুকুরে নামতে নিষেধ করে কাজে ব্যস্ত হয়ে পড়ি। এর কিছুক্ষণ পড় আবার পুকুর পাড়ে গেলে তাদেরকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, যমজ শিশু দুটি পুকুরে ডুবে যাবার খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম