আলমডাঙ্গায়  দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত

আপডেট : ১২ মার্চ ২০২২, ২২:৩০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেয়ালচাপা পড়ে মনিরুল ইসলাম (৫১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কালিদাসপুর গ্রামে জয়নাল আবেদীনের পুরাতন রাইস মিলের বিল্ডিং ভাঙার কাজে যান মনিরুল ইসলাম। একপর্যায়ে রাইস মিলের দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ফাতেমা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি