ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন গতকাল শনিবার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ১২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তার বক্তৃতায় তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি ও শক্তিশালী করার ওপর জোর দেন। একই সঙ্গে মানুষে-মানুষে সংযোগ স্থাপনের জন্য সাংস্কৃতিক কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।
আইজিসিসির শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে আইজিসিসির শিক্ষার্থীরা গত মাসে প্রয়াত সংগীত জগতের তিন মহান ব্যক্তিত্ব-ভারতরত্ন লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
২০১০ সালের ১১ মার্চ ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের তৎকালীন সভাপতি ড. করণ সিং এবং বাংলাদেশের তত্কালীন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ঢাকার ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কেন্দ্রটি ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসংগীত, নৃত্য, হিন্দি ভাষা ও যোগব্যায়াম বিষয়ে ভারতীয় গুরু ও প্রশিক্ষকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সংযোগের প্রচার করে।
