চবি আবৃত্তি মঞ্চের ২ মাসব্যাপী কর্মশালা শুরু

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:৩৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা শুরু হয়েছে। ‘শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া কর্মশালা চলবে আগামী দুই মাস।

রবিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয় চাকসু সেমিনার কক্ষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় উদ্বোধনী ক্লাস। পরে মঞ্চের সদস্যরা কর্মশালায় অংশ নেওয়া নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।

উদ্বোধনী ক্লাসে ‘জড়তামোচন’ বিষয়ের উপর ক্লাস নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ।

কর্মশালায় উচ্চারণসুত্র, উচ্চারণে আঞ্চলিকতার প্রভাব ও তার প্রতিকার, মঞ্চ-বেতার এবং টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার কলাকৌশল ও মাইক্রোফোনের ব্যবহার, একক ও দ্বৈত আবৃত্তি এবং বৃন্দ নির্মাণ, ছন্দ এবং আবৃত্তি নির্মাণ, কণ্ঠ নির্মাণের কলাকৌশল সহ আবৃত্তির অন্যান্য বিষয়ে দেশের বিভিন্ন আবৃত্তি শিল্পী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ২০০০ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তির উপর কর্মশালা পরিচালনা করে আসছে সংগঠনটি। এবারের চতুর্বিংশ আবর্তনে ২০০ নিবন্ধিত প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

ইত্তেফাক/এআই