চাকরি ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। রবিবার (১৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানান তার আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দুদকের ৫৪(২) ধারায় তাকে চাকরিচ্যুত করা হয়। পরে গত ২৭ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান বরাবর চাকরিতে পুনর্বহালের জন্য রিভিউ আবেদন করেন তিনি।
এদিকে তার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ–পাল্টা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী। এ বিষয়ে আগামী মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য রয়েছে। গত বৃহস্পতিবার শুনানি শেষে আদেশের জন্য ওই দিন ধার্য করা হয়।
২০২১ সালের ১৬ জুন ভোটার তালিকায় রোহিঙ্গাদের অবৈধভাবে অন্তর্ভুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালকসহ ইসির চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছিলেন শরীফ উদ্দিন। এ সময় তিনি চট্টগ্রাম দুদক কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। এ মামলার পরপর ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়।
চট্টগ্রামে কর্তব্য পালনকালে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের (বিএসসি) বড় ছেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মো. মুজিবুর রহমান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, সাবেক ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী চৌধুরী, সার্ভেয়ার মো. দিদারুল আলমের বিরুদ্ধে মামলা করেন শরীফ উদ্দিন। এই মামলায় সারওয়ার, মজিবুর ও দিদারুলকে গ্রেপ্তার করে দুদক।
এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সংলগ্ন কলাতলী বাইপাস রোড এলাকায় পিবিআই অফিস তৈরির জন্য এক একর জমি অধিগ্রহণে জালিয়াতি, রেলওয়ের পূর্বাঞ্চলে খালাসি পদে ৮৬৩ জনকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপকসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন শরীফ উদ্দিন। এর মধ্যেই শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়।
