পুলিশ কনস্টেবল হওয়া হলো না শ্বাশতের

আপডেট : ১৩ মার্চ ২০২২, ২১:০৯

বাগেরহাট থেকে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরা হলো না শ্বাশত রায়ের। পিকআপের ধাক্কায় শেষ হয়ে গেলো তার পুলিশ কনস্টেবল হওয়ার স্বপ্ন।

শ্বাশত (১৯) মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার সুখেন্দ রায়ের ছেলে।

স্বজনরা জানান, বাগেরহাটে কনস্টেবল পদে উচ্চতা, কাগজপত্র যাচাই-বাছাই ও শারীরিক পরীক্ষায় অংশ নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি আসছিলেন শ্বাশত। পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালৈয়ের দোকান নামক স্থানে একটি কুকুরকে সাইড দিয়ে নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
 

 

ইত্তেফাক/ইউবি