টিনো বেস্টের খেলা নিয়েই ছিল সংশয়। হ্যামস্ট্রিংয়ে টান পড়েছিল বাংলাদেশের প্রথম ইনিংসে বল করার সময়, প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির পর তো মাঠেই ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজও ব্যাট করার সময় বেস্টকে আর নামাল না, নবম উইকেটের পতনের পরেই অধিনায়ক ড্যারেন সামি দিলেন ইনিংস ঘোষণা। ক্যারিবীয় দলের নিজস্ব নীতিতে যেহেতু দলের খেলোয়াড়ের অসুস্থতা সম্পর্কে বাইরে বলার নিয়ম নেই, তাই বেস্টও যে মাঠে ফিরছেন সেটা বল করতে দেখার আগে বোঝার উপায়ও নেই। পুরোপুরি সুস্থ না হয়েই বল করলেন ঢাকায় দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পাওয়া বেস্ট, তাতেই ৩ উইকেট। দারুণ দুটো ডেলিভারিতে ভেঙেছেন তামিম ইকবাল ও নাঈম ইসলামের স্টাম্প। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন, নাঈমকে বোকা বানিয়ে আউট করার বলটাই ছিল তাঁর 'বেস্ট'। ৮-০-২৬-৩, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের 'বেস্ট' বোলিং ফিগার এখন পর্যন্ত বেস্টের। এবং সেটা খানিকটা চোট নিয়েই, 'নিজের সর্বোচ্চ প্রচেষ্টাটা দিতে পারছিলাম না, কবজি বলের পেছনে রাখতেই অনেক বেশি সচেতন ছিলাম। গতকাল (পরশু) বল করার সিদ্ধান্ত নেই এবং টিম ম্যানেজমেন্টকে জানাই। চাইছিলাম দলের জন্য কিছু একটা করতে, ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য।' গড়পড়তায় ৯০ মাইলের আশপাশে বল করা বেস্ট গতি কিছুটা কমিয়ে নজর দিয়েছেন বল সুইং করানোর ওপর, যার সুফল পেয়েছেন নাঈমকে আউট করার সময়, 'যেটাতে ছেড়ে দিয়ে আউট হলো। ওটাই সেরা, আমি জানতাম গতিতে তাকে পরাস্ত করতে পারব আর বলটাও দারুণ সুইং করল। তার পা নড়ছিল না আর আমিও তাকে বোল্ড করে ফেললাম।'
এই টেস্টেই প্রথম দিনেই ইতিহাসের চতুর্থ ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের আবুল হাসান, অথচ এই জায়গাটায় হাসানের আগে লেখা হতে পারত বেস্টের নামও! ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে একই জায়গায় করেছিলেন ৯৫, যেটা টেস্টে তাঁর 'বেস্ট'। আবুল হাসানের সেই ইনিংসের সাক্ষী হওয়া অবশ্য হয়নি তাঁর, তিনি যে তখন হাসপাতালে, 'আমি দেখতে পারিনি, এমআরআই স্ক্যান করাচ্ছিলাম। মনে হয় ভালোই খেলেছে, তবে তাকে বল করে উড়িয়ে দিতে না পেরে কিছুটা হতাশ। প্রতিপক্ষের হলেও শেষ পর্যন্ত একজন ক্রিকেটার হিসেবে তার কীর্তিকে আমি সম্মান করি, আন্তর্জাতিক পর্যায়ে কেউ এমনটা করতে পেরেছে তাতেই আমি খুশি।' দিনের শেষ বলে সাকিব আল হাসানের ক্যাচটা তিনি ধরেছেন, বললেন এখানেই আসলে ফসকে গেছে লাগাম, 'সন্ধ্যায় ওদের (সাকিব-নাঈম) জুটিটা ভাঙাতেই আসলে ম্যাচের মোড় ঘুরে গেছে। সাকিব দারুণ খেলেছে, কিন্তু আবারও শট সিলেকশন ভোগাল তাকে। তবে সে তরুণ, আশা করছি উন্নতি করবে।'
বার্বাডোজের হয়ে অভিষেক হওয়ার সময় বেস্টের কানে একটা মন্ত্র পড়ে দিয়েছিলেন তাঁর তখনকার কোচ হেন্ডারসন স্প্রিংগার, 'সত্যিকারের পেসাররা বালির মধ্যেও গতির ঝড় তুলতে পারে।' কথাটা মনে গেঁথে রেখেছেন বেস্ট, তাইতো যে ন্যাড়া পিচে বোলাররা উইকেটের জন্য মাথাকুটে মরছেন, সেখানে ৩ উইকেট নিয়ে বেস্টই 'বেস্ট'!
