বলিউড অভিনেতা শাহেদ কাপুর এবার ঢাকার চলচ্চিত্রে অভিনয় করবেন। চলচ্চিত্রের শিরোনাম 'তুমি আর আমি'। এটি হবে যৌথ প্রযোজনার চলচ্চিত্র। ঢাকায় অভিনেত্রী শাবানা এবং তার স্বামী ওয়াহিদ সাদিকের প্রযোজনা সংস্থা এসএস প্রোডাকশন এবং কলকাতার ধানুকা ব্রাদার্স যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করবে। পরিচালনা করবেন নারগিস আক্তার। প্রযোজক ওয়াহিদ সাদিক বাংলাদেশ প্রতিদিনকে জানান, ইতোমধ্যে শাহেদ কাপুরের সঙ্গে এ বিষয়ে ফোনে কথা হয়েছে। গল্প শুনে কাজ করতে তিনি সম্মত হয়েছেন। আগামী সপ্তাহে তার শিডিউল নেওয়ার জন্য ভারত যাব। ওয়াহিদ সাদিক দুঃখ প্রকাশ করে বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার তিনটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি। গত সেপ্টেম্বরে এফডিসিতে টাকা জমা দিয়েছি এবং তথ্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। কিন্তু সরকার এখনো অনুমতি দেয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে ভারতের কোন কোন শিল্পী এতে অভিনয় করবে। আমি বলেছি নিয়ম অনুযায়ী অন্য দেশের শিল্পীদের তালিকা দিতে হয় না। আমি আমার দেশের শিল্পীদের তালিকা দিয়েছি। তারপরও মন্ত্রণালয় বিনা কারণে আমাকে অনুমতি দিচ্ছে না। ওয়াহিদ সাদিক জানান, দুই দেশের দুই তরুণ-তরুণীর প্রেম ও সংঘাতের গল্প নিয়ে এ ডিজিটাল চলচ্চিত্রটি নির্মাণ হবে। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে এদেশ থেকে বিদ্যা সিনহা মীমকে নেওয়া হতে পারে। এ ছাড়া কলকাতার অভিনেতা রনজিৎ মলি্লকও এতে অভিনয় করবেন। চলচ্চিত্রের নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ওয়াহিদ সাদিক।
