ঢাকা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।
এছাড়া সিনিয়র সভাপতি নির্বাচিত হয়েছেন আকরাম প্যানেলের মনোয়ারা হাকিম আলী এবং সহ-সভাপতি হয়েছেন একই প্যানেলের মো. হেলাল উদ্দিন।
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির পরিচালকরা হাত তুলে আকরামকে সমর্থন জানান। এ নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন তিনি।
গত শনিবার এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩০টি পরিচালক পদের মধ্যে ২০টিতে জয় পায় কাজী আকরামের প্যানেল। এর মধ্যে চেম্বার গ্রুপের ১৫টি পদের মধ্যে ১১টি এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ১৫টির মধ্যে নয়টিতে জয়ী হন এই প্যানেলের প্রার্থীরা।
চেম্বার গ্রুপে প্রতিদ্বন্দ্বী প্যানেল আনিসুল হক সমর্থিত গণতান্ত্রিক পরিষদ থেকে চার পরিচালক নির্বাচিত হন। আর অ্যাসোসিয়েশন গ্রুপে এই প্যানেল থেকে নির্বাচিত হন ছয়জন।
