আজ হাসপাতাল ছাড়ছেন আইয়ুব বাচ্চু

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৩৪
সারা শহর জুড়ে গানপাগল শ্রোতা দর্শকদের যেন এক উত্কণ্ঠা। এ দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর অসুস্থতার খবরে বিনোদন প্রতিদিনে দেশের নানান প্রান্ত থেকে অগণিত ফোন এসেছে তিনি এখন বা এই মুহূর্তে কেমন আছেন সেই খবরটি জানতে। স্কয়ার হাসপাতালে এখন তিনি সুস্থ আছেন। আইয়ুব বাচ্চুর ছোট ভাই মোহাম্মদ জাকারিয়া বিনোদন প্রতিদিনকে বলেন, ‘চিকিত্সকেরা বলেছেন ভাইয়া এখন পুরোপুরি সুস্থ। আমরা শুক্রবার (আজ) বিকেল নাগাদ বাসায় নিয়ে যেতে পারব। গতদিন বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ করা যায়। একাধিক তারকা শিল্পীসহ অগণিত ভক্ত তাদের ফেসবুক স্ট্যাটাসে তার সুস্থতা কামনা করে স্ট্যাটাস দেন।’ কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাচ্চু ভাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এটাই প্রার্থনা, আমরা সবাই এই প্রার্থনাই করছি।’ অধিকাংশ মিউজিশিয়ান ও মিডিয়া কর্মীদের স্ট্যাটাসই ছিল এমনটাই। দুপুরে দেশের আরেক রকলিজেন্ড জেমস তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘তিনি এখন স্কয়ার হাসপাতালে।’ এই স্ট্যাটাস আপলোড হওয়ার পর পরই অসংখ্য কমেন্ট পোস্ট হতে থাকে কৌতুহলীদের। সেলফোনে জেমসের সাথে কথা হলে তিনি বিনোদন প্রতিদিনকে বলেন, ‘দেখা করতে গিয়েছিলাম। সে সুস্থ আছে। আমরা কুশল বিনিময় করলাম। কিছুক্ষণ হাসিঠাট্টা করলাম।’ জেমস গতকাল বেলা ২টা ৩০ মিনিটে আইয়ুব বাচ্চুর সাথে দেখা করতে যান। সাড়ে তিনটা পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন। এদিকে এলআরবির ব্যবস্থাপক সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম জানান, ‘চিকিত্সকেরা বাচ্চু ভাইকে বিশ্রামে থাকতে বলেছেন। তাই আগামী কিছুদিনের কনসার্ট বাতিল করা হয়েছে।’ আইয়ুব বাচ্চুও জানিয়েছেন, ‘সবার আশীর্বাদেই আমি ছিলাম। এখনও আছি। আর কনসার্টগুলো বাতিল করার জন্য আমি দুঃখিত। সকলে আমার জন্য দোয়া করবেন।’ আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক আব্দুল্লাহ আল জামিল জানান, ‘ফুসফুসে পানি জমার কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। আমরা যে আশঙ্কা করেছিলাম, তা এখন তিনি পুরোপুরিই কাটিয়ে উঠেছেন। এখন তিনি সুস্থ। তবে এখনও তাকে বেশ কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।’ উল্লেখ্য, হঠাত্ করে অসুস্থ হয়ে যাওয়ায় গত মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন আইয়ুব বাচ্চু।