প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম স্কুল পড়ুয়া অ্যাডভেঞ্চারপ্রিয় শিশু-কিশোরদের জন্য চালু করেছেন ‘অ্যাডভেঞ্চার স্কুল। অভিনেতা, চিত্রপরিচালক ও স্থপতি তৌকীর আহমেদ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল মাঠে (পলাশীর কাছে) এই অ্যাডভেঞ্চার স্কুলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন গুলশান ইয়ুথ ক্লাবের যুগ্ম সম্পাদক রেশাদ হোসেন খান ও মিডিয়াব্যক্তিত্ব শারমিন লাকি। কৃত্রিম ক্লাইম্বিং ওয়াল, এভারেস্টসদৃশ পাহাড়, অ্যাডভেঞ্চার হাট, চিন আপ, মাংকি ব্রিজ, খাড়া রশি বেয়ে ওঠা, রোপ ব্রিজ ইত্যাদি নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে এই ভ্রাম্যমান ‘অ্যাডভেঞ্চার স্কুল’। বড়দের জন্য তো বটেই, এই অ্যাডভেঞ্চার স্কুলের লক্ষ্য স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের অ্যাডভেঞ্চারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এর মূল লক্ষ্য।
অ্যাডভেঞ্চারের মাধ্যমে স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের লাইফস্টাইল বদলে দেওয়া এবং তাদেরকে ব্যক্তিত্ববান করে গড়ে তোলার এই কার্যক্রম শুরু করছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের পর্বতারোহণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমি। শুক্রবার থেকে যাত্রা শুরু করছে মুসা ইব্রাহীমের এই নতুন উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তার এই কার্যক্রম। অ্যাডভেঞ্চার স্কুল সবসময়ই ‘সেফটি ফার্স্ট’ নীতি মেনে চলে এবং প্রতিটি আইটেমেই থাকছে ‘স্টেট অব দি আর্ট’ নিরাপত্তা। হারনেস, রোপ, ক্যারাবিনার, পুলি ইত্যাদিসহ পর্বতারোহণের সরঞ্জাম ব্যবহার করে অ্যাডভেঞ্চার স্কুলের সবগুলো আইটেমই হবে আনন্দপূর্ণ। অ্যাডভেঞ্চারে যোগ দেওয়া স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা আরও পাচ্ছে অটোগ্রাফসহ মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের একটি ছবি এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ। যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের আমন্ত্রণে এই অ্যাডভেঞ্চার স্কুল শিক্ষার্থীদের কাছে তার আয়োজন নিয়ে পৌঁছে যাবে। স্কুলের ঠিকানা—১৪/৪ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
