টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণাকর্ম জোরদার করুন

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে গবেষণা কর্মসূচি জোরদারের জন্য শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজ ও অর্থনীতি গড়তে গবেষণার ক্ষেত্রে আপনাদের আরো বেশি মনোযোগ দিতে হবে।’ তিনি গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিশেষ অনুদান ও এনএসটি ফেলোশিপের চেক প্রদান অনুষ্ঠানে ভাষণদানকালে এ কথা বলেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লাগসই গবেষণাকে প্রাধান্য দিতে শিক্ষার্থী ও গবেষকদের প্রতিও আহবান জানান। শেখ হাসিনা বলেন, ‘জনগণ আপনাদের কাছে নতুন নতুন এমন সব উদ্ভাবন চায় যা তাদের অগ্রযাত্রায় কাজে লাগবে। আমি আশা করি, আপনারা সর্বোচ্চ শ্রম ও মেধার প্রয়োগ ঘটিয়ে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন।’ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সাইদুল হক চৌধুরী অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। এবছর ৭২৬ জন বঙ্গবন্ধু ফেলোশিপ, বিশেষ অনুদান ও এনএসটি ফেলোশিপ পেয়েছেন। অনুষ্ঠানে এদের মধ্যে ৯ জন শিক্ষার্থী ও গবেষককে প্রধানমন্ত্রী স্বহস্তে চেক হস্তান্তর করেন।