সিরাজদিখান উপজেলার টেকেরহাটে বৃহস্পতিবার দু’দিনব্যাপী লালন উত্সব শুরু হয়েছে। লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ ও পদ্মহেম ধামে এ উত্সবে লালন ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইছামতি নদীর তীর। গতকাল বিকেল সাড়ে ৪টায় শুরু হয় সাধু-গুরুদের আসন গ্রহণ ও অধিবাস। এরপর পর্যায়ক্রমে সাধুসঙ্গের নামকরণ কার্যাবলি ও বিধিবিধান জ্ঞাপন, ফকির লালন সাঁইজির জীবলীলা স্মরণ, গুরুকর্ম, সমবেত কণ্ঠে গুরুদৈন্য, দীন ডাকা ও চা-মুড়ি সেবা, হালকা নাশতা, দৈন্যগানের পর রাত সাড়ে ৮টায় শুরু হবে শিল্পীদের পরিবেশনায় লালনগীতির মূল আসর।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ জানিয়েছেন, আজ শুক্রবার গোষ্ঠগান, গুরুকর্ম, বাল্যসেবা, লালনগীতি, পুণ্যসেবার পর সন্ধ্যায় শুরু হবে দ্বিতীয় রাতের লালনগীতির মূল আসর। সিরাজদিখানের লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ লালন উত্সবে প্রধান আকর্ষণ বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভীনসহ অন্যান্য লালন সঙ্গীত শিল্পীরা উপস্থিত থেকে গান পরিবেশন করছেন। শুক্রবার সারাদিন ও রাত গান গাইবেন দেশ বিদেশের আরো লালন শিল্পী। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শুকুমার রঞ্জন ঘোষ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মো. শাহাবুদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
