রবিন ফন পার্সির লিগের নবম গোলে জয়ের ধারা অব্যাহত রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে দিনের শেষ ম্যাচে উইগানকে ২-০ গোলে পরাজিত করে ম্যানচেস্টার সিটি জয়ের ধারায় ফিরলেও টটেনহ্যামের কাছে ২-১ গোলে হেরে গেছে লিভারপুল। টানা দ্বিতীয় ম্যাচে ড্র করে আবারো পয়েন্ট খুইয়েছে চেলসি। বুধবার অনুষ্ঠিত ম্যাচগুলোতে ওল্ড ট্র্যাফোর্ডে ফন পার্সির একমাত্র গোলে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে পরাজিত করে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে রোববার প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সাথে গোলশূন্য ড্র করার পরে গতকালের ম্যাচেও স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের সাথে জিততে পারেনি চেলসি। কোন গোল না করেই হতাশ হয়ে দুই দল মাঠ ছাড়ে।
নিজেদের মাঠ ওল্ড ট্যাফোর্ডে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ২৪ মিলিয়ন পাউন্ডের (৩৯ মিলিয়ন ডলার) বিনিময়ে ইউনাইটেডের প্রাক মৌসুমে চুক্তিভুক্ত ডাচ খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে দেন। আর এর মাধ্যমে ক্লাব ক্যারিয়ারের প্রথম মৌসুমে আরো একটি গোলের দেখা পেলেন ফন পার্সি। ইতোমধ্যেই এবারের মৌসুমে ১৩ বার পিছিয়ে পড়ে পরবর্তীতে ম্যাচে ফিরে আসা স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা গতকাল প্রথম থেকেই বেশ সচেতন ছিলেন। প্রথমে গোল হজম করার থেকে তারা গোল দিয়ে এগিয়ে যাবার পরিকল্পনা নিয়েই মাঠে নামে। আর ৩২ সেকেন্ডের মধ্যে পার্সি সেই প্রত্যাশা পূরণ করে শুধু দলকেই এগিয়ে দেননি, বরং এবারের মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোলের মালিকও এখন তিনি। মধ্যভাগে একটি জটলার মধ্য থেকে মাইকেল ক্যারিক দারুণ এক পাস বাড়িয়ে দিলে দারুণ দক্ষতায় তার থেকে গোল আদায় করে নেন পার্সি। এর ঠিক পরপরই প্রথমবারের মত দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ডাচ এই তারকা। কিন্তু ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার জেমস কলিন্সের পায়ে লেগে পার্সির কাছে আসা সেই বল গোলরক্ষক জুসি জাসকেলাইনে কোনরকমে রক্ষা করেন। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে স্বাগতিক ম্যানইউ দল।
এদিকে দিনের অপর ম্যাচে ফুলহ্যামের সাথে ড্র করায় হতাশা ব্যক্ত করেছেন চেলসির নতুন অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ। মাত্র চারদিন আগে ম্যানচেস্টার সিটির সাথে গোলশূন্য ড্র করার পরে আবারো দলের গোল না পাওয়ায় হতাশ বেনিতেজ মনে করেন লীগের এই মুহূর্তে এসে দলের জয় প্রয়োজন হয়ে পড়েছে। ফুলহ্যামের খেলার কিছু ইতিবাচক দিক থাকলে বেনিতেজ মনে করেন যখন দল জিততে পারে না তখন কোনভাবেই সন্তুষ্টি আসে না। তিনি বলেন, ‘সিটি লিগের শীর্ষস্থানীয় দল যাদের বিরুদ্ধে খেলাটা চ্যালেঞ্জিং। তবে ফুলহ্যামের বিপক্ষে আজকের ম্যাচে জয় আমাদের দরকার ছিল। ম্যাচে আমি বেশ কিছু ইতিবাচক দিক দেখতে পেয়েছি। আক্রমণভাগে আমরা খেলা ধরে রেখেছি এবং ম্যাচের বেশিরভাগ সময়ই বল আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সব মিলিয়ে এখন জয়টা প্রয়োজন হয়ে পড়েছে। আমরা খুব কম অনুশীলনের সুযোগ পেয়েছি। তাই আমি মনে করি আমাদের আরো সময়ের প্রয়োজন রয়েছে। মূল কথা হচ্ছে ম্যাচে জয় করা। আমরা যদি ভাল করতে পারি তবে অবশ্যই আমরা প্রতিযোগিতায় জিতব। আমাদের এখন সেই সময় এসেছে এবং এর মাধ্যমেই আত্মবিশ্বাস ফিরে পাওয়া সম্ভব। ’
এই নিয়ে টানা ছয় ম্যাচ জয়হীন রয়েছে চেলসি। ফুলহ্যামের বিপক্ষে তাদের গোল না করার ব্যর্থতার অন্যতম কারণ ফার্নান্দো টোরেসের ফর্মহীনতা।
উইগানের ডিডবি¬উ স্টেডিয়ামে স্বাগতিক দলকে ২-০ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৬৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মারিও বালোতেল্লি। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন বদলী মিডফিল্ডার জেমস মিলনার। তাই ২-০ গোলের সহজ এক জয় পায় গতবারের শিরোপাজয়ী সিটি দল। এদিকে আর্সেনাল গুডিসন পার্ক স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক এভারটনের সাথে। নিজেদের মাঠ হোয়াইট হার্ট স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই বিপজ্জনক ভঙ্গীর ফুটবল খেলতে থাকে টটেনহ্যাম হটস্পার। আর এতেই পরাজয় মানতে হয় অল রেডদের। ম্যাচের সাত মিনিটে অ্যারন লেননেন গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর নয় মিনিট পর গ্যারেথ বেলের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৭২ মিনিটে একটি গোল পরিশোধ করে অল রেডরা। তবে এতে তাদের কোন কৃতিত্ব নেই বললেই চলে। নিজেদের পোস্টেই বল জড়ান গ্যারেথ বেল। তাই শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় কোচ ব্রেন্ডন রজার্সের দলকে।
এই জয়ে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যান সিটি। এক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থানটি ধরে রেখেছে রেড ডেভিলরা। আর সমান সংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি।-বাসস/এএফপি
বুধবারের ম্যাচের ফলাফল
চেলসি ০ ফুলহ্যাম ০
এভারটন ১ আর্সেনাল ১
সাউদাম্পটন ইউনাইটেড ১ নরউইচ সিটি ০
স্টোক সিটি ২ নিউক্যাসল ১
সোয়ানসি সিটি ৩ ওয়েস্ট ব্রুমউইচ ১
টটেনহ্যাম হটস্পার ২ লিভারপুল ১
ম্যানচেস্টার ইউনাইটেড ১ ওয়েস্টহ্যাম ০
উইগ্যান অ্যাথলেটিক ০ ম্যানচেস্টার সিটি ২
