মিষ্টি জাতীয় খাদ্য ছাড়াও রক্তে সুগার বাড়ে

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৫৯
যাদের ডায়াবেটিস আছে অথবা যারা ডায়াবেটিসের হাত থেকে নিজকে মুক্ত রাখতে চান তারা মজাদার মিষ্টি অথবা মিষ্টি জাতীয় খাবার পরিহার করে থাকেন। শুধু মিষ্টি নয় লিকুইড মিষ্টি জাতীয় সিরাপ, চকলেট, ক্যান্ডি, কৃত্রিম ফলের রস, কার্বনেটেড ড্রিংকস (কোকাকোলা, পেপসি ইত্যাদি), অ্যালকোহল, কেক, পেস্ট্রি এবং বিভিন্ন ধরনের কুকিস—এসব খাদ্য উপাদান শরীরে দ্রুত শোষিত হয় এবং রক্তের সুগার বা চিনি দ্রুত বাড়িয়ে দেয়। এছাড়া কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য যেমন: ভাত, ফ্রেন্স ফ্রাই, আলুর চিপস, হোয়াইট ব্রেড, পেসতা এবং ক্রেকারস একইভাবে রক্তের সুগার বাড়ায়, কিন্তু ধীরগতিতে। আমাদের ধারণা, অধিক মিষ্টি জাতীয় খাদ্য আহারে শুধু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এটা ঠিক নয়। যারা ক্রমাগত চিনিযুক্ত খাবার খেতে থাকেন তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয় অনেক বেশি। ডায়াবেটিস ছাড়াও অন্য যেসব স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তা হচ্ছে, এলার্জি, হূদরোগ, হতাশা, অলসতা, পেটের পীড়া আইবিএস, কোলেস্টেরলের আধিক্যসহ আরও অনেক স্বাস্থ্য সমস্যা। তাই বিশেষজ্ঞদের মতে, যারা শরীরটাকে সুস্থ রাখতে চান তাদের পরিমিত স্বাস্থ্যসম্মত আহার, ঘুম, ব্যায়াম ও মানসিক শান্তি বজায় রাখাসহ মিষ্টি জাতীয় খাদ্য পরিহার অথবা কম আহারের অভ্যাস গড়ে তুলতে হবে।