অ্যাঞ্জেলো ম্যাথুসের দুর্বার প্রতিরোধের দেয়াল ভেঙে নিউজিল্যান্ড দীর্ঘ ১৪ বছর পর শ্রীলংকার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল। গতকাল বৃহস্পতিবার কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি জিতে রস টেলরের দল সিরিজ ১-১ এ সমতা আনতে সক্ষম হয়।
গলে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলংকা দশ উইকেটে জয় তুলে নিয়েছিল। আর কাল দ্বিতীয় টেস্টে পঞ্চম ও শেষ দিনে নিউজিল্যান্ড জয় তুলে নিল ১৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লংকানরা কাল পঞ্চম দিনের শেষ সেশনে দারুণ লড়াই উপহার দিয়ে অবশ্য অলআউট হয় ১৯৫ রানে। অলরাউন্ডার ম্যাথুস অবশ্য সফরকারীদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। এই ইনিংসে লংকান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তার (৮৪)। ১১টি চার এবং একটি ছয়ে সাজানো তার ইনিংস। নিউজিল্যান্ডের জয়ের সামনে একা লড়ে যাচ্ছিলেন ম্যাথুস। দুই সেশনের ওপর ব্যাট করেছেন। শেষ লংকান ব্যাটসম্যান হিসেবে আউট হলেন তিনি এবং ব্লাক ক্যাপসরা মেতে ওঠে আনন্দে। ম্যাথুস ২৯৯ মিনিট ক্রিজে ছিলেন। বল মোকাবিলা করেছেন ২২৮টি।
এই ম্যাচটি জয়ের আগে নিউজিল্যান্ড টানা পাঁচ টেস্ট হেরেছে। কলম্বোতে তারা অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করল। প্রথম ইনিংসে তারা ৪১২ রান তুলেছিল। সফরকারী দলের পেসাররা বিশেষ করে দুটি ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সফরকারীরা গত বুধবার চতুর্থ দিনে শ্রীলংকার চার উইকেট তুলে নেয় ৪৭ রানের মধ্যে। তবে কাল পঞ্চম দিনেও উইকেট অনেক ব্যাটিংবান্ধব থাকায় বোলারদের জন্য কাজটা কঠিন ছিল।
নিউজিল্যান্ড সকালের সেশনে মাত্র একটি উইকেট তুলে নিতে পারে। তবে শেষের দিকে নতুন বলে আগুন ঝড়িয়ে লংকানদের গুটিয়ে দেন নিউজিল্যান্ডের বোলাররা।
ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি তিনটি করে উইকেট নেন। আর আরেক পেসার ডুগ ব্রেসওয়েল তুলে নেন দুটি এবং অভিষেক টেস্ট খেলতে নামা লেগ স্পিনার টড অ্যাস্টল একটি উইকেট পেয়েছেন।
অ্যাস্টল বিকালে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রসন্ন জয়াবর্ধনেকে (২৯) ফিরিয়ে দিয়ে। জয়াবর্ধনে ও ম্যাথুস ষষ্ঠ উইকেট জুটিতে ৫৬ রান সংগ্রহ করে। এই রান তুলতে বল খরচ করেছেন দু‘জন ৩৫.৩ ওভার।
বোল্ট প্রথম ইনিংস চার এবং সাউদি নিয়েছিলেন পাঁচ উইকেট। বোল্ট ম্যাথুসকে আউট করেন।
দিনের প্রথম ঘন্টায় থিলান সামারাবিরা (৭) আউট হলে ম্যাথুস ও জয়াবর্ধনে কোন ঝুঁকি নিতে চাননি। সামারাবিরা রান আউট হন ম্যাথুসের সাথে ভুল বুঝাবুঝিতে। প্রথম ইনিংসে সামারাবিরা (৭৬) লংকানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক প্রথম ইনিংসে ১৪২ ও দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন তিনি। সিরিজ সেরা বাঁ-হাতি লংকান স্পিনার রঙ্গনা হেরাথ। দুই টেস্টে তিনি ২০ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড : ৪১২ ও ৫৪ ওভার ১৯৪/৯ (ডিক্লেয়ার)
শ্রীলংকা : ২৪৪ ও ৮৫.৫ ওভার ১৯৫/১০, অলআউট (ম্যাথুস ৮৪, জয়াবর্ধনে ২৯, কুলাসেকারা ১৮, সাঙ্গাকারা ১৬, দিলশান ১৪; বোল্ট ৩/৩৩, সাউদি ৩/৫৮,ব্রেসওয়েল ২/১৩,অ্যাস্টল ১/৫৬)।
ফল : নিউজিল্যান্ড ১৬৭ রানে জয়ী
ম্যান অফ দ্য ম্যাচ : রস টেলর
ম্যান অফ দ্য সিরিজ : রঙ্গনা হেরাথ
সিরিজ : দুই টেস্টের সিরিজ ১-১ এ সমতা।
