সিটিসেল জাতীয় সাঁতার

জাতীয় রেকর্ড নেই দ্বিতীয় দিনে

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২২:০২
জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে কোনো রেকর্ড নেই। সাদামাটা দিন গেছে মিরপুরের সিটিসেল জাতীয় সাঁতারে। তবে আটটি স্বর্ণ জিতে তালিকার শীর্ষে উঠে গেছে নৌবাহিনী। সাতটি করে স্বর্ণ জয় করে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী এবং তৃতীয় স্থানে আনসার। নৌবাহিনীর তারকা সাঁতারু অনিক ইসলাম গতকাল ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টের মহিলাদের মধ্যে আনসারের সোনিয়া আক্তার স্বর্ণ জয় করেন। নৌবাহিনীর মাহফিজুর রহমান স্বর্ণ জয় করেছেন ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে। আর মেয়েদের মধ্যে এই ইভেন্টে স্বর্ণ নিয়েছেন বিকেএসপির খাদিজা আক্তার। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সেনাবাহিনীর জুয়েল আহমেদ স্বর্ণ নিয়ে গেলেও মেয়েদের বিভাগে আনসারের সোনিয়া আক্তার সেরা হয়েছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন বিকেএসপির নাইমা আক্তার এবং পুরুষ বিভাগে নৌবাহিনীর জুয়েল রানা। রানার সাথে পেরে উঠেননি সেনাবাহিনীর জুয়েল আহমেদ।