ইউএনএফপিএ-বামবা’র যৌথ আয়োজনে ইয়ুথ কনসার্টের ঘোষণা

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৩
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রত্যয়ে আগামী ৭ ডিসেম্বর খুলনা স্টেডিয়ামে, ইউএনএফপিএ এবং বামবা আয়োজিত কনসার্ট সামনে রেখে গতকাল ৩০ নভেম্বর সকাল ১১টায়, হোটেল সোনারগাঁওয়ের ব্যালকনিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনসার্টের প্রতিপাদ্য বিষয়, ‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন :সত্যিকার পুরুষ হোন’। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউএনএফপিএ প্রতিনিধি আর্থার আরকেন, বামবা সহ-সভাপতি ফোয়াদ নাসের বাবু, বামবা সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু, ইউএনএফপিএর চিফ অব অপারেশন্স আফসানা তাহের, ইউএনএফপিএর প্রোগ্রাম অফিসার মো. মারুফ হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্কাই ট্রাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা অ্যালান, দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার, প্রমিথিউস ব্যান্ডের বিপব, শিরোনামহীন ব্যান্ডের তানজীর তুহিনসহ কনসার্টে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যান্ডের সদস্যবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বামবা সহ-সভাপতি ফোয়াদ নাসের তার বক্তব্যে ‘নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলুন :সত্যিকার পুরুষ হোন’ শীর্ষক কনসার্টে যোগ দিয়ে সমাজের সর্বস্তরে নারীর প্রতি সহিংসতার অবসান নিশ্চিত করার জন্য সবাইকে সচেতনতার আহ্বান জানান। শেখ মনিরুল আলম টিপু তার বক্তব্যে বলেন, ‘ইউএনএফপিএ তাদের এই ধরনের মানবিক কার্যক্রমের সাথে বামবাকে সম্পৃক্ত করায় আমরা গর্বিত ও আনন্দিত।’ শামীম আহমেদ, এরআরবি ব্যান্ডের ব্যবস্থাপক, সাম্প্রতিক সময়ে শিল্পী আইয়ুব বাচ্চুর অসুস্থতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত গুজব সম্পর্কে জানান, আইয়ুব বাচ্চু এখন অনেকটা সুস্থ আছেন, তাকে আগামীকাল নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী আগামী একমাস তিনি বেড-রেষ্টে থাকবেন। দেশের শীর্ষ ১২টি ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের বৃহত্তম কনসার্ট। কনসার্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে নগর বাউল, ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, ফিড্ব্যাক, প্রমিথিউস, দলছুট, লালন, শিরোনামহীন, নেমেসিস, মেকানিক্স, বেদুঈন এবং ড্রিক। স্কাই ট্রাকার লিমিটেডের ইভেন্ট ব্যবস্থাপনায় যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ইউএনএফপিএ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিউজিক্যাল ব্যান্ডস (বামবা)। কনসার্টের টেলিভিশন পার্টনার চ্যানেল নাইন, সংবাদপত্র পার্টনার দৈনিক ইত্তেফাক এবং রেডিও পার্টনার রেডিও ফূর্তি। খুলনার জেলা স্টেডিয়ামে আয়োজিত ইউএনএফপিএ-বামবা’র এই কনসার্ট শুরু হবে দুপুর ২টা ৩০টায় এবং টিকিটের দাম রাখা হয়েছে জনপ্রতি ১০০ টাকা।