ধারাবাহিকতা ধরে রাখতে চান সোহাগরা

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৩৫
দারুণ অভিষেকের পর আলো থেকে ছিটকে পড়ার নিদর্শন বাংলাদেশে নিতান্ত কম নয়। সেই পথে অন্তত হাঁটতে চান না সোহাগ গাজী। টেস্টের পর অভিষেক ওয়ানডেতেও দারুণ পারফরম্যান্স করে ইঙ্গিত দিলেন সোহাগ। দিনশেষে সংবাদ সম্মেলনে মুখেও বললেন এই ধারাবাহিকতাটা ধরে রাখতে চান তিনি। আর সোহাগের পূর্বসূরি, ম্যাচের আরেক নায়ক আব্দুর রাজ্জাক বললেন, সিরিজ জুড়ে এই পারফরম্যান্স ধরে রাখতে চান তারা। টেস্টে সুযোগ না পেলেও ওয়ানডেতে এসেই নিজের যোগ্যতার আরেকবার প্রমাণ দেয়া রাজ্জাক বললেন, ‘বাংলাদেশ বেশ কিছুদিন ধরে ওয়ানডেতে ভাল খেলছে। এশিয়া কাপেও ভাল খেলেছে। আজও (শুক্রবার) ভাল খেলে জয় পেয়েছে। আমরা আসলে নিজেদের ধারাবাহিকতাটা ধরে রাখতে পারছি।’ তবে একটা জয়েই ভেসে যেতে রাজী নন এই সিনিয়র ক্রিকেটার। সিরিজ জয়ের প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ জিততে চাই। সিরিজ নিয়ে এখনই ভাবছি না।’ অবশ্য সিরিজ নিয়ে ভাবছেন না সোহাগ গাজীও। টেস্টের ও ওয়ানডেতেও দূরন্ত অভিষেক হওয়া সোহাগ আচ্ছন্ন হয়ে আছেন নিজের পারফরম্যান্সে, ‘অভিষেক টেস্টে বেশি উইকেট পেয়ে যেমন ভাল লেগেছে তেমনি আজকের (শুক্রবার) ওয়ানডেতে বেশি উইকেট পেয়ে এবং ম্যান অব দ্য ম্যাচ হয়ে ভিষণ খুশি হয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার পরিকল্পনা অনুযায়ী বল করে ফল পেয়েছি। এই ধারাবাহিকতা আগামী ম্যাচগুলোতেও বজায় রাখতে চাই।’