ভোর রাতে লাইনে
ফজরের নামাজ সবে শেষ হয়েছে। তখনও পূর্ব আকাশে সূর্য উঁকি দেয়নি। এরই মধ্যে নগরীর গোবরচাকা বৌবাজার এলাকার ৬ বন্ধু শেখ আবু নাসের স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এতো ভোরে কেন স্টেডিয়ামে যাচ্ছেন-এ প্রশ্নের জবাবে আলম নামে তাদের এক বন্ধু বললেন, এখনই গিয়ে লাইনে না দাঁড়ালে সহজে স্টেডিয়ামে ঢোকা যাবে না। আরেক বন্ধু রায়হান বললেন, ভাই বড় কষ্টে কাল রাতে (বৃহস্পতিবার) ৫০ টাকার এক একটি টিকিট আমরা ৩০০ টাকা করে কিনেছি।
পূর্ণ স্টেডিয়াম
গতকাল শুক্রবার সকাল ১০টা বাজতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। পুরুষ দর্শকদের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অনেক গৃহিনী তাদের ছোট শিশুকে কোলে নিয়ে প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসেন। অধিকাংশ দর্শকদের হাতে ছিলো জাতীয় পতাকা। আবার অনেক দর্শক জাতীয় পতাকার আদলে লাল-সবুজের পোশাক শরীরে জড়িয়ে স্টেডিয়ামে আসেন। অনেক দর্শক আসন না পেয়ে সারা খেলায় প্রায় দাঁড়িয়ে ছিলেন ।
কৌশল নয়
সাকিব আল হাসান প্রথম দুই ম্যাচ খেলবেন না, এটা আগেই জানানো হয়েছিল। তারপরও খুলনার কিছু সমর্থক ভেবেছিলেন এটা দলের একটা কৌশল। শেষ পর্যন্ত বোঝা গেল কৌশল না, আসলেই খেলছেন না সাকিব! ম্যাচের আগে সাকিবের ভক্ত কাজী শামীম বলছিলেন, ‘সাকিব খেলতে নামবেন না এটা হতেই পারে না। তার মাঠে না নামার গুজব বাংলাদেশ দলের একটি কৌশল।’ শেষ পর্যন্ত তাকে মাঠে না দেখতে পেয়ে তিনি স্টেডিয়াম ত্যাগ করেন।
