অস্ট্রেলিয়ার পেস আক্রমণে দিশেহারা সফরকারী দক্ষিণ আফ্রিকা গতকাল শুক্রবার পার্থের ওয়াকা গ্রাউন্ডে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে লড়াইয়ে ফিরল পাল্টা আক্রমণ হেনেই। বোলারদের দিনে রোমাঞ্চকর ও নাটকীয় লড়াই হয়েছে। অস্ট্রেলিয়ারও দুই উইকেট তুলে নিয়ে প্রথম দিনেই জমিয়ে দিয়েছে টেস্ট প্রোটিয়াস ক্রিকেটাররা। দুর্দান্ত ফেরা গ্রায়েম স্মিথের দলের। শেষ বিকেলে অস্ট্রেলিয়াকে স্বস্তিতে থাকতে দেয়নি তারা।
টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ২২৫ রানেই গুটিয়ে যায়। অবশ্য অ্যাডিলেড টেস্টের নায়ক দক্ষিণ আফ্রিকা ফাফ ডু প্লেসিস আবারো ইস্পাত কঠিন লড়াই উপহার দিলেন। তিন টেস্টের সিরিজ। ব্রিসবেন ও অ্যাডিলেডের টেস্ট ড্রয়ে শেষ হয়েছে। এই ম্যাচটিতে জয় ও হারে নির্ভর করছে অস্ট্রেলিয়া টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে যাবে না দক্ষিণ আফ্রিকা শীর্ষেই থাকবে স্বগর্বে। দিনের খেলা শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়ার দুই উইকেট তুলে নিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ওপেনার এপ কাওয়ান পেসার ডেল স্টেইনের প্রথম বলেই আউট শূন্য রানে। আগের দুই টেস্ট ইনজুরির জন্য খেলতে না পারা অলরাউন্ডার শেন ওয়াটসন ১০ রানে আরেক পেসার ভেরনন ফিল্যান্ডারের শিকার। ১১ ওভারে অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে ৩৩ রান তুলে দিন শেষ করে কাল। অস্ট্রেলিয়া ১৯২ রান পেছনে এবং হাতে রয়েছে আট উইকেট। উইকেটে রয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ১২ এবং নাইটওয়াচম্যান নাথান লিয়ন সাত রানে।
দক্ষিণ আফ্রিকা কাল ৭৫ রানে ছয় উইকেট হারায়। সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে দক্ষিণ আফ্রিকা এতটা দূর আসতে পারে। পুনরায় ডাক পাওয়া স্পিনার রবিন পিটারসন (৩১) ও ডু প্লেসিসের (৭৮*) সপ্তম উইকেট জুটি ছিল ৫৭ রানের। অষ্টম উইকেটে প্লেসিস ও ভার্নন ফিল্যান্ডার (৩০) ৬৪ রান সংগ্রহ করে। প্লেসিস ১৪২ বল খেলে ৭৮ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ১২টি চারের মার।
এছাড়া প্রোটিয়া ওপেনার আলভিরো পিটারসন ৩০ রানে আউট হন। জ্যাক ক্যালিস কাল ফিরলেন ২ রানে। ওপেনার গ্রায়েম স্মিথ ১৬ রানে আউট হন। অস্ট্রেলিয়ার অভিষেক পেসার জন হেস্টিংস এক উইকেট নেন ৫১ রানে। পেসার মিশেল স্টার্ক ও মিশেল জনসন দুটি করে উইকেট নেন। অফ স্পিনার নাথান লিয়ন ৪১ রানে তিন উইকেট শিকার করেন। বল হাতে ওয়াটসনও ২২ রানে এক উইকেট নেন। প্রোটিয়া অধিনায়ক স্মিথকে ফিরিয়েছিলেন তিনি।
বাঁ-হাতি পেসার মিশেল জনসন ১২ মাসে এই প্রথম টেস্টে খেলতে নামলেন। ফিরেই ভাল বল করলেন। দক্ষিণ আফ্রিকা কাল লাঞ্চে গেল ৬৩ রানে তিন উইকেট হারিয়ে। লাঞ্চের পর ফেরেন হাশিম আমলা (১১), এবি ডিভিলিয়ার্স (৪) ও ডিন এলগার (০)। আমলা ওয়ার্নারের দারুণ থ্রোতে রান আউট হন।
পা র্থ টে স্ট
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা (প্রথম দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৭৪ ওভার ২২৫/১০,অল আউট (প্লেসিস ৭৮*, রবিন পিটারসন ৩১,আলভিরো পিটারসেন ৩০,মরনে মরকেল ১৭, স্মিথ ১৬, আমলা ১১; লিয়ন ৩/৪১,জনসন ২/৫৪,স্টার্ক ২/৫৫,ওয়াটসন ১/২২, হ্যাস্টিংস ১/৫১)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১১ ওভার ৩৩/২ (ওয়ার্নার ১২*, ওয়াটসন ১০, লিয়ন ৭*; ফিল্যান্ডার ১/৮,স্টেইন ১/২১)
