ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে বড় দলগুলো। জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাওয়ে ম্যাচে খেলবে রিডিং রয়ালসের বিপক্ষে। গতবারের শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটি দলের প্রতিপক্ষ এভারটন। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিটির নিজেদের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে। বেশ কিছুদিন ধরে জয় খরার মধ্যে থাকা চেলসি লড়বে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে।
সদ্যই দলের দায়িত্ব নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে কোন জয় নেই কোচ রাফায়েল বেনিতেজের। আপটন পার্ক স্টেডিয়ামে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না সাত মাসের জন্য লন্ডনের ক্লাব চেলসির দায়িত্ব নেয়া এই স্প্যানিশ কোচ।
দলের দায়িত্ব নেয়ার পর সাবেক এই লিভারপুল কোচ প্রথম ম্যাচে শক্তিশালী দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ড্র করেন। পরের ম্যাচটাতেও ড্রতেই খুশি থাকতে হয় তাকে। এই ম্যাচে তার প্রতিপক্ষ ছিল ফুলহ্যাম। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল চেলসি। ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্টহ্যামের সমান সংখ্যক ম্যাচে পয়েন্ট ১৯। অবস্থান দশম। পয়েন্ট তালিকায় যে অবস্থানে থাকুক না কেন গত কয়েকদিন ধরে ঠিক নিজেদের ফুটবল খেলতে পারছে না চেলসি দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের শুরুটা ছিল বেশ দাপটের। তবে, সময়ের সাথে সাথে ফর্মে মরচে ধরে তাদের। আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর বরখাস্ত করা হয় ছয় মাস আগে দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা রবার্তো ডি ম্যাত্তেও।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ অনুষ্ঠিত হবে আরো পাঁচটি ম্যাচ। ম্যাচগুলোতে মুখোমুখি হবে কুইন্স পার্ক রেঞ্জার্স - অ্যাস্টন ভিলা, ওয়েস্টব্রুম উইচ অ্যালবিয়ন - স্টোক সিটি, আর্সেনাল - সোয়ানসি সিটি, ফুলহ্যাম - টটেনহ্যাম হটস্পার ও লিভারপুল - সাউদাম্পটন।
১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দল ম্যানচেস্টার ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। অন্যান্য বড় দলগুলোর মধ্যে টটেনহ্যাম হটস্পার ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম আর্সেনাল ২১ পয়েন্ট নিয়ে সপ্তম ও লিভারপুল ১৬ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে অবস্থান করছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ
ওয়েস্টহ্যাম ইউনাইটেড চেলসি
আর্সেনাল সোয়ানসি সিটি
ফুলহ্যাম টটেনহ্যাম হটস্পার
লিভারপুল সাউদাম্পটন
ম্যানচেস্টার সিটি এভারটন
কুইন্স পার্ক রেঞ্জার্স অ্যাস্টন ভিলা
ওয়েস্টব্রুম উইচ অ্যালবিয়ন স্টোক সিটি
রিডিং রয়্যালস ম্যানচেস্টার ইউনাইটেড
