ছয় ক্রিকেটারের সাথে চার মাসের চুক্তি করলো পিসিবি

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৪১
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমবারের মত ছয় ক্রিকেটারকে চারমাসের সংক্ষিপ্ত চুক্তিতে রেখেছে। চলতি বছরের প্রথম দিকে করা মূল কেন্দ্রীয় চুক্তিতে এদের নাম ছিল না। ক্রিকেটাররা হলেন পেস বোলার মোহাম্মদ তালহা, মোহাম্মদ সামি, তাবিস খান, উমাইদ আসিফ, অল-রাউন্ডার ফাওয়াদ আলম এবং লেগস্পিনার ইয়াসির শাহ। গত মে মাসে করা মূল কেন্দ্রীয় চুক্তিতে এরা অন্তর্ভুক্ত ছিলেন না এবং কোন সম্মানী পেতেন না বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। পিসিবি’র এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। এ চার মাসে প্রত্যেক খেলোয়াড় মাসিক ৪০ হাজার রুপি করে পাবেন। অপরদিকে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় কেন্দ্রীয় চুক্তিতে মাসে তিন লাখ ১৩ হাজার রুপি করে পেয়ে থাকেন। ওই কর্মকর্তা বলেন, ‘বোর্ড ও নির্বাচকরা তাদের অতীত পারফরমেন্স বিবেচনা করে এ খেলোয়াড়দেরকে সংক্ষিপ্ত চুক্তির আওতায় অন্তর্ভুক্ত করেছেন।’ চার মাসের জন্য এই খেলোয়াড়রা যে পরিমাণ অর্থ পাবেন, কেন্দ্রীয় চুক্তিতে স্থান পাওয়ারা তার চেয়ে বহুগুণ বেশি অর্থ পেয়ে থাকেন। এই ব্যাপক অর্থ বৈষম্যের বিষয়টি সংক্ষিপ্ত চুক্তিতে স্থান পাওয়া ক্রিকেটারদের অবশ্যই অসন্তুষ্ট করবে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ভাল পারফরমেন্স করা সত্ত্বেও বিশেষ করে সামি ও তালহাকে কেন্দ্রীয় চুক্তি অন্তর্ভুক্ত না করায় দারুণ সমালোচিত হয়েছিল বোর্ড। চুক্তি নিয়ে বিভিন্ন সমালোচনা হওয়ায় পুরো বিষয়টি দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। সেই কমিটির সুপারিশ অনুযায়ী এ সংক্ষিপ্ত চুক্তি করা হলো। নতুন চুক্তির পরও অসন্তুষ্ট খেলোয়াড়রা। তাদের একজন বলেন, ‘নিজেদের ভুল বুঝতে পেরে বোর্ড এখন আমাদেরকে চারমাসের চুক্তিতে অন্তর্ভুক্ত করছে এবং খুব কম অর্থ দিচ্ছে। কিন্তু বছরে যে দিনগুলো আমাদের নষ্ট হল তার কোন উল্লে¬খ নেই। বাসস/এএফপি