চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আয়োজনে চিটাগং ক্লাব সুইমিংপুলে আজ শনিবার দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিটাগং ক্লাব সুইমিং পুলে সকাল সাড়ে ১০টায় শুরু হবে এ প্রতিযোগিতা।
সিজেকেএস নিবন্ধিত আটটি ক্লাবের প্রায় ৬০ ছেলে-মেয়ে অংশ নেবে ৯টি ইভেন্টে। দলগুলো হলো গোঁসাইল ডাঙ্গা যুবক গোষ্ঠী, হালিশহর লাকী ক্লাব, আগ্রাবাদ কমরেড ক্লাব, সিটি ক্লাব, চিটাগং ক্লাব, এম এইচ স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল ও আবেদীন ক্লাব। গতকাল শুক্রবার এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস কনফারেন্স হলে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানান সিজেকেএস সহ-সভাপতি ও সাঁতার চেয়ারম্যান শাহীন আফতাবুর রেজা চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সিজেকেএস সাঁতার সম্পাদক মোহাম্মদ শাহজাদা আলম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সিজেকেএস কার্যনির্বাহী কমিটির সদস্য আল্লামা মোহাম্মদ ইকবাল।
