অবসরের কথা ভাবছেন না আলীম দার

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:৪২
ভারত-ইংল্যান্ডের মধ্যকার মুম্বাই টেস্টে কিছু দুর্বল সিদ্ধান্তের কারণে সমালোচিত হলেও এই মুহূর্তে অবসর নেয়ার কোনো ইচ্ছে নেই পাকিস্তানের শীর্ষ আম্পায়ার আলীম দারের। বরং পাকিস্তানী এই আম্পায়ার জানান, তিনি যখন মনে করবেন আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না তখনই অবসর নেবেন। আলীম দার বলেন, ‘প্রত্যেক আম্পায়ারেরই খারাপ দিন আসে এবং ভুল করতে পারে। প্রত্যেকের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। তবে যেদিন মনে করবো একটি ম্যাচ সঠিকভাবে পরিচালনা ও সিদ্ধান্ত দেয়ার মতো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি, সেদিনই আমি এলিট প্যানেল ও আম্পায়ারিং থেকে সরে দাঁড়াবো।’ অস্ট্রেলিয়ার সাবেক তারকা খেলোয়াড় শেন ওয়ার্ন এক টুইটারে দারের সমালোচনা করে বলেন, ‘সব সময়ই সে দুর্বল আম্পায়ারিং ও খারাপ সিদ্ধান্ত দিয়ে আসছে।’ এ প্রসঙ্গে দার জানান, ওয়ার্নের টুইটটি তিনি পড়েননি এবং এটা পড়ার কোনো ইচ্ছেও তার নেই। জিও সুপার টেলিভিশন চ্যানেলকে দার বলেন, ‘‘অস্ট্রেলিয়ার হয়ে তিনি অনেক বড় একজন খেলোয়াড় ছিলেন এবং এটা তার মত। তবে সকল সমালোচনাই আমি মনে গাঁথতে শুরু করতে পারি না। আমার কাছে ম্যাচটি শেষ হয়ে গেছে, আমি আমার পারফরমেন্সের একটা বিশ্লে¬ষণ করলাম এবং পরবর্তী ম্যাচে যেতে হবে।’’ এলিট প্যানেল সম্পর্কে ওয়ার্নের সমালোচনায় আইসিসির বিষয়টি নজরে আনা উচিত কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলেও জানান দার। দার জানান, ব্যক্তিগতভাবে তিনি সকল ম্যাচেই আম্পায়ার্স ডিশিসন রিভিউ সিস্টেম (ইউডিআরএস)-এর পক্ষে। এ ব্যাপারে তিনি বলেন, ‘‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা আম্পায়ারদের জন্য সহায়ক হয়েছে এবং একমাত্র আধুনিক প্রযুক্তি থেকেই আম্পায়াররা নিজেদের উন্নতি ঘটাতে পারে।’’ বাসস/পিটিআই