মু খো মু খি

বামবা’র জন্মের সাথেই দায়িত্ববোধের সম্পর্ক

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:২১
আজ একুশে টিভির ‘মিডিয়া গসিপ’-এর ইউএনএফপিএ ও বামবার যৌথ আয়োজিত কনসার্ট নিয়ে বিশেষ হটসিটে অংশ নেন ইউএনএফপি-এর চিফ অব অপারেশন্স আফসানা তাহের এবং বামবা সহ-সভাপতি ফুয়াদ নাসের বাবু। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১০টা ১০ মিনিটে। ৭ ডিসেম্বর খুলনা স্টেডিয়ামে আয়োজিত এই মেগা কনসার্টের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। সেই কনসার্টসহ সাম্প্রতিক বিষয় নিয়ে ফুয়াদ নাসের বাবু মুখোমুখি হয়েছেন বিনোদন প্রতিদিন-এর। সাক্ষাত্কার নিয়েছেন তারিফ সৈয়দ ব্যান্ড মিউজিক এবং সামাজিক সচেতনতার সম্পর্ক প্রসঙ্গে শুনতে চাই। আমাদের ব্যান্ড মিউজিকের সংগঠন বামবা কিন্তু একটি বন্যাদুর্গত মানুষের কল্যাণে ফান্ড তৈরির কথা ভেবেই গড়ে উঠেছিল। তাই বলতে পারি বামবা’র জন্মের সাথেই দায়িত্ববোধের সম্পর্ক। এই প্লাটফর্ম দিয়েই আমাদের একত্রিত হওয়া। তাই আমরা এক হয়েছি নিজেদের কিছু সামাজিক দায়বদ্ধতা থেকেই। সে ক্ষেত্রে নতুন জেনারেশন এই দায়বদ্ধতার বিষয়টি কতটা বুঝে? এটা সময় লাগবে। আমাদের যেমন জনপ্রিয়তা পেতে অনেক সময় লেগেছে। আমরা অনেক কিছু দেখে বুঝেছি, ম্যাচিউরড হয়েছি। আমি মনে করি, একসময় এই জেনারেশনের ছেলেমেয়েদের ভেতরেও একধরনের সচেতনতা তৈরি হবে। তারাও ভাবতে শুরু করবে যে, না আমাদেরও কিছু একটা করা উচিত ব্যক্তি বা নিজ পরিবারের ঊর্ধ্বে থেকে। ৭ ডিসেম্বরের খুলনা কনসার্টের প্রস্তুতি নিয়ে কিছু বলুন। আমি ধন্যবাদ জানাতে চাই ইউএনএফপিকে যে, তারা এত বড় একটা কাজ করছেন নিয়মিতভাবে। আমরা ৪র্থবারের মতো আসরে যাচ্ছি বামবা ও ইউএনএফপি যৌথভাবে। সেদিক দিয়ে আমি বলব তরুণদের সারা দেশব্যাপী নারীর প্রতি সহনশীল হওয়ার যে স্লোগান, তা আমরা এর আগে ঢাকা, চট্টগ্রামে শুনিয়েছি। এবার যাচ্ছি খুলনাতে। আমাদের বিশ্বাস একই রকম বাঁধভাঙা সাড়া পাব। একটা বিষয় জানতে ইচ্ছে করে। ধরুন রাজনৈতিক নেতারা তাদের বিভিন্ন সামাজিক বিবর্তনের কথা বলে মঞ্চে ওঠে। কিন্তু এ ধরনের সামাজিক সচেতনতার কথা বলতে গেলে আপনারা কীভাবে প্রস্তুত হন? এ ক্ষেত্রে আমি বলব, আমরা নিজেরাই নিজেদের মতো করেই শোনাই। কারও বলে দেওয়ার কথা নেই এখানে বা কোনো সাজানো স্ক্রিপ্ট নেই। কারণ প্রত্যেকে যখন এমন একটি দায়িত্ব নিয়ে গান শোনাতে উঠি, তখন এমনিতেই ভেতরের অনুভূতিতেই নাড়া দেয়, ওদের কিছু বুঝাতে হবে। ওরা আমাদের কথা কাজকে ফলো করেই এই মাঠে এসেছে। এ ক্ষেত্রে কোনো ধরনের আলাপচারিতা হয় না আগে থেকে। আমরা গানে কথায় দর্শক-শ্রোতাদের বুঝানোর চেষ্টা করি যে, কেন আজ আমরা এখানে সবাই একসাথে মিলিত হয়েছি। এ ধরনের উদ্যোগের ক্ষেত্রে মিডিয়া সাপোর্ট কেমন পেয়ে থাকেন? খুবই ভালো। প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই দৈনিক ইত্তেফাককে। এই উদ্যোগের সাথে আমাদের সহমত পোষণের জন্য। এ ছাড়া আমাদের অন্যান্য পার্টনার যেমন চ্যানেল নাইন, রেডিও ফুর্তি রয়েছে। এ ছাড়া সকল মিডিয়ার সাংবাদিকেরাই এই ইভেন্টে সাপোর্ট দিয়ে থাকেন। সবার একান্ত সহযোগিতাতেই পুরো আয়োজনটি সফল হয়ে ওঠে।