আবারও মোশাররফ-নিপুণ একসঙ্গে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:২৩
আরটিভির জন্য নির্মিত হয়েছে এক পর্বের বিশেষ নাটক ‘তিনি একজন সৌভাগ্যবান’। নাটকটি লিখেছেন কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব। একটি চ্যানেলের এসএমএস কন্টেস্টে বিজয়ী হয়ে জনপ্রিয় এক নায়িকার সাথে একদিন কাটানোর সুযোগ পায় মোশাররফ করিম। গার্মেন্টস কর্মী মোশাররফ চলচ্চিত্রের সুপারহিট নায়িকাকে সামনে পেয়ে মজার মজার সব কাণ্ড করে। কিন্তু এক পর্যায়ে ছবির নায়িকার সাথে বাস্তবের নায়িকার অনেক অমিল খুঁজে পায় সে। স্বপ্ন ভঙ্গ হয় তার। তখন করে বসে অদ্ভুত এক কাণ্ড। হাসান মোরশেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চিত্রনায়িকা নিপুণ, শামীমা নাজনীন, হেলাল, রাসেল, শিহাব সুমনসহ আরও অনেকে। নাটকটি প্রসঙ্গে নাট্যকার বলেন, ‘এই গল্পের প্লট অনেকদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে তা নাটকের রূপ নিল। আশা করছি সব ধরনের দর্শকদেরই ভালো লাগবে। নাটকটি আগামী যেকোনো উত্সবে আরটিভিতে প্রচার হবে।’